বিসিএস ক্যাডার চরিত্রে ভুল, সমালোচনায় মুশফিক ফারহানের নাটক

Pinky Saha Pinky Saha ১৩ সেপ্টেম্বর ২০২৬, ৫:৩৭ PM BST ৩২ বার পঠিত
বিসিএস ক্যাডার চরিত্রে ভুল, সমালোচনায় মুশফিক ফারহানের নাটক

ছবি: সংগৃহীত

মুশফিক আর ফারহান অভিনীত ‘পথের সাথীকে চিনে নিও’ নাটক মুক্তির পর দর্শকদের মধ্যে সাড়া ফেললেও বিসিএস ক্যাডার চরিত্রের উপস্থাপনায় একাধিক ভুল নিয়ে সমালোচনা শুরু হয়েছে। সচেতন দর্শকদের অভিযোগ, নাটকে সরকারি চাকরির কয়েকটি পদ ও দায়িত্বের বিষয় বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে দেখানো হয়নি।

জুবায়ের ইবনে বকরের নির্মাণে নাটকটির নাম নেওয়া হয়েছে হেমন্ত মুখোপাধ্যায়ের জনপ্রিয় গান ‘বন্ধু তোমার পথের সাথীকে চিনে নিও’ থেকে। গানটির কথা লিখেছেন মুকুল দত্ত। ১০ সেপ্টেম্বর বাংলাভিশনের ইউটিউব চ্যানেলে মুক্তি পায় নাটকটি। এরই মধ্যে নাটকটির ভিউ ৫১ লাখ ছাড়িয়েছে এবং মন্তব্যের সংখ্যা প্রায় দেড় হাজার। অনেক দর্শক গল্প ও অভিনয়ের প্রশংসা করলেও বিসিএস ক্যাডার চরিত্রটি নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।

নাটকে মুশফিক আর ফারহান অভিনয় করেছেন মইন খান চরিত্রে। গল্পের শুরুতে তাঁকে আর্থিকভাবে অসচ্ছল অবস্থায় দেখা যায়। এ কারণে প্রেমিকার সঙ্গে তাঁর সম্পর্ক ভেঙে যায়। পরে বিসিএস ক্যাডার হয়ে মইন উপজেলা নির্বাহী কর্মকর্তা বা ইউএনও হিসেবে যোগ দেন।

দর্শকদের আপত্তির মূল জায়গা এখানেই। তাঁদের দাবি, প্রশাসন ক্যাডারে চাকরিতে যোগ দেওয়ার পরপরই কাউকে ইউএনও হিসেবে দেখানো বাস্তবসম্মত নয়। সাধারণত প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা বিভিন্ন দায়িত্ব পালনের পর অভিজ্ঞতা ও পদায়নের ভিত্তিতে ইউএনও হিসেবে দায়িত্ব পাওয়ার সুযোগ পান।

এ ছাড়া নাটকে মইনের পদ হিসেবে ‘অ্যাসোসিয়েট ম্যাজিস্ট্রেট’ শব্দটি ব্যবহার করা হয়েছে। দর্শকদের অনেকে দাবি করেছেন, বাংলাদেশের সরকারি চাকরির প্রচলিত কাঠামোয় এমন কোনো পদ নেই। নাটকের একটি নামফলকে ‘উত্তরা’কে উপজেলা হিসেবে দেখানোর বিষয়টিও সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার জন্ম দিয়েছে।

ফেসবুকে নাটকটির বিভিন্ন দৃশ্য ও তথ্য নিয়ে দর্শকদের অনেকে নিজেদের আপত্তির কথা জানিয়েছেন। কেউ কেউ নির্মাণের আগে সরকারি চাকরির পদ ও দায়িত্ব সম্পর্কে ন্যূনতম তথ্য যাচাই না করার অভিযোগ তুলেছেন। বিসিএস ক্যাডারদের দায়িত্ব ও পদায়ন নিয়ে ভুল তথ্য দর্শকদের বিভ্রান্ত করতে পারে বলেও মন্তব্য করেছেন অনেকে।

এর আগে ফারহান আহমেদ জোভান অভিনীত ‘সে প্রথম প্রেম আমার’ নাটকের একটি দৃশ্য নিয়েও একই ধরনের আলোচনা হয়েছিল। আনিসুর রহমান রাজিবের নির্মাণে ওই নাটকে জোভান নিজেকে বিসিএসের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা হিসেবে পরিচয় দেন। সেই দৃশ্য নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে নানা মন্তব্য ও হাস্যরসের সৃষ্টি হয়েছিল।

‘পথের সাথীকে চিনে নিও’ নাটকের গল্প লিখেছেন শাহজাহান সৌরভ। মুশফিক আর ফারহানের সঙ্গে এতে অভিনয় করেছেন অর্চিতা স্পর্শিয়া, জয়নাল জ্যাক, মিলি বাসার ও আরকে রেজাসহ আরও অনেকে। সংগীত পরিচালনা করেছেন সালাম জিম।

নাটকের বিসিএস ক্যাডার চরিত্রের উপস্থাপন নিয়ে সমালোচনা হলেও এখন পর্যন্ত এসব বিষয়ে নির্মাতা জুবায়ের ইবনে বকর কিংবা অভিনয়শিল্পীদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: