ছবি: সংগৃহীত
জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন উপস্থাপক ও মডেল ইসরাত পায়েল। পরিবারের সম্মতিতে ব্যবসায়ী আল-আমিন চৌধুরীকে বিয়ে করেছেন তিনি। শনিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের কয়েকটি ছবি প্রকাশ করে নিজেই সুখবরটি জানিয়েছেন পায়েল।
প্রকাশিত ছবিতে লাল জমকালো শাড়িতে স্বামী আল-আমিন চৌধুরী ও পরিবারের সদস্যদের সঙ্গে দেখা গেছে ইসরাত পায়েলকে। বিয়ের খবর জানিয়ে এক পোস্টে তিনি সবার কাছে তাঁদের জন্য দোয়া চেয়েছেন। পায়েল লিখেছেন, বর্তমান সময়ে বিয়ে করে সুখে থাকার চেয়ে শেষ পর্যন্ত একসঙ্গে টিকে থাকাটাই বড় চ্যালেঞ্জ। তাই তাঁদের দাম্পত্য জীবন যেন দীর্ঘস্থায়ী হয়, সে জন্য সবার দোয়া কামনা করেছেন তিনি।
পরে পোস্টের মন্তব্যের ঘরে বিয়ের সময় নিয়েও পরিষ্কার করেন পায়েল। তিনি জানান, তাঁদের বিয়ে কয়েক দিন আগেই হয়েছে। ফলে বিয়ে কতদিন টিকবে—এমন প্রশ্ন প্রযোজ্য নয় বলেও মন্তব্য করেন তিনি। আল্লাহ চাইলে সারাজীবন একসঙ্গে থাকার প্রত্যাশা ব্যক্ত করে আবারও সবার কাছে দোয়া চান এই উপস্থাপক।
জানা গেছে, ইসরাত পায়েলের স্বামী আল-আমিন চৌধুরী একজন ব্যবসায়ী। যুক্তরাজ্যে তাঁর বেশ কয়েকটি ব্যবসা রয়েছে বলে জানা যায়।
দীর্ঘদিন ধরে দেশের ছোট পর্দা ও বিভিন্ন বড় আয়োজনে উপস্থাপনায় নিয়মিত দেখা গেছে ইসরাত পায়েলকে। ২০১৫ সালে আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা ‘মিস হেরিটেজ ইন্টারন্যাশনাল’-এ সাফল্য অর্জনের মাধ্যমে আলোচনায় আসেন তিনি। একই বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত ক্রিকেট বিশ্বকাপের বিভিন্ন আয়োজন উপস্থাপনা করে দর্শকদের নজর কাড়েন।
এরপর দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলে উপস্থাপক হিসেবে নিয়মিত কাজ করেছেন পায়েল। উপস্থাপনার পাশাপাশি মডেলিং ও উদ্যোক্তা হিসেবেও নিজের পরিচিতি তৈরি করেছেন তিনি। এবার ব্যক্তিজীবনে নতুন অধ্যায় শুরু করে স্বামী আল-আমিন চৌধুরীর সঙ্গে সুখী ও দীর্ঘ দাম্পত্য জীবনের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন ইসরাত পায়েল।