ছবি: সংগৃহীত
দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি হাসান একাধিক সম্পর্কে জড়িয়েছেন। তবে এখনো কারও সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হননি তিনি। বিয়ের কথা ভেবেছিলেন, কিন্তু তার আগেই ভেঙে গিয়েছিল সেই সম্পর্ক।
তবে সেই অভিজ্ঞতা বিয়ে নিয়ে শ্রুতির মনে কোনো ভীতি তৈরি করেনি। পেশা হোক কিংবা ব্যক্তিগত জীবন—নিজের মতামত স্পষ্টভাবে প্রকাশ করতে পছন্দ করেন এই অভিনেত্রী। এবার সোহা আলি খানের পডকাস্টে অতিথি হয়ে বিয়ে ও সম্পর্ক নিয়ে নিজের ভাবনা জানিয়েছেন তিনি।
‘বিয়ে শুধু কাগজের সম্পর্ক নয়’
শ্রুতির কাছে বিয়ে কেবল আইনি বা কাগজে স্বীকৃত কোনো সম্পর্ক নয়। তাঁর মতে, এটি দুজন মানুষের আত্মিক বন্ধন। তাই জাঁকজমকপূর্ণ আয়োজন কিংবা আনুষ্ঠানিকতার চেয়ে সম্পর্কের মধ্যে ভালোবাসা ও পারস্পরিক সম্মানই বেশি গুরুত্বপূর্ণ।
অভিনেত্রী বলেন, তাঁর কাছে সুন্দর বিষয় হলো—সঙ্গী ও তিনি যেন প্রতিদিনই একে অপরকে বেছে নেন। আর সেই সিদ্ধান্ত কোনো কাগজপত্রের কারণে নয়, বরং ভালোবাসা থেকেই আসা উচিত।
বিয়েতে অতিরিক্ত খরচের বিপক্ষে
খুব সাধারণ আয়োজনে বিয়ে করার পক্ষপাতী শ্রুতি হাসান। বিয়েতে অযথা বিপুল অর্থ খরচ না করে সেই অর্থ অসহায় মানুষের জন্য ব্যয় করাকে বেশি অর্থবহ মনে করেন তিনি।
এ প্রসঙ্গে শ্রুতি বলেন, এসব আয়োজন আসলে কার জন্য করা হয়—এই প্রশ্ন তাঁকে সবসময় ভাবায়। বড় অঙ্কের অর্থ খরচ করে বিয়ে করেন যারা, তাঁদের তিনি লজ্জা দিতে চান না বলেও উল্লেখ করেন। তবে তাঁর মতে, বিয়েতে অহেতুক অর্থ ব্যয় না করে সেই অর্থ দাতব্য কাজে দেওয়া যেতে পারে।
নিজের মতো করে মাতৃত্ব চান
মাতৃত্বের বিষয়েও নিজের ইচ্ছার কথা জানিয়েছেন শ্রুতি। তিনি মাতৃত্ব পছন্দ করেন। তবে পরিবার কিংবা সমাজের প্রত্যাশা পূরণের জন্য নয়, নিজের ইচ্ছা ও সিদ্ধান্ত অনুযায়ী মা হতে চান এই অভিনেত্রী।
এদিকে কাজের ব্যস্ততাও রয়েছে শ্রুতির। বর্তমানে একটি তামিল ও একটি তেলুগু সিনেমায় অভিনয় করছেন তিনি। তামিল সিনেমা ‘ট্রেন’-এর শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে এবং চলছে প্রি-প্রডাকশনের কাজ। অন্যদিকে তেলুগু সিনেমা ‘আকাশামলো ওকা তারা’র শুটিং এখনো শেষ হয়নি।