চালকের তথ্য না দেওয়ায় সালাহর ছয় মাসের গাড়ি চালানোর নিষেধাজ্ঞা

Pinky Saha Pinky Saha ২২ সেপ্টেম্বর ২০২৬, ১:৩৫ PM BST ২৬ বার পঠিত
চালকের তথ্য না দেওয়ায় সালাহর ছয় মাসের গাড়ি চালানোর নিষেধাজ্ঞা

ছবি: সংগৃহীত

ইংল্যান্ডে গাড়ি চালানোর ঘটনায় ছয় মাসের নিষেধাজ্ঞার মুখে পড়েছেন মিসরের তারকা ফুটবলার মোহাম্মদ সালাহ। চেশায়ারের উইল্মসলো এলাকায় তার নামে নিবন্ধিত একটি রোলস-রয়েস নির্ধারিত গতিসীমা অতিক্রম করার ঘটনায় মামলাটি হয়।

আদালতের নথি অনুযায়ী, গত ২৭ মার্চ ৩০ মাইল গতিসীমার সড়কে সালাহর গাড়িটি ঘণ্টায় ৩৬ মাইল বেগে চলতে ধরা পড়ে। তবে গাড়িটি কে চালাচ্ছিলেন, সে বিষয়ে পুলিশকে কোনো তথ্য দেননি ৩৪ বছর বয়সী এই ফুটবলার।

পুলিশের পাঠানো নোটিশেরও জবাব দেননি সালাহ। পরে ওয়ারিংটন কম্বাইন্ড কোর্টে ‘সিঙ্গেল জাস্টিস প্রোসিডিউর’-এর আওতায় মামলার শুনানি হয়। চালকের পরিচয়সংক্রান্ত তথ্য না দেওয়ার অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করেন আদালত।

এ ঘটনায় সালাহকে ছয় মাস গাড়ি চালানো থেকে নিষিদ্ধ করার পাশাপাশি ১ হাজার ৪৪ পাউন্ড জরিমানা করা হয়েছে। মামলায় ব্যবহৃত গাড়িটি ছিল তার নামে নিবন্ধিত রোলস-রয়েস স্পেক্টর, যার মূল্য ৪ লাখ ৬৬ হাজার ইউরোরও বেশি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ঘটনাটি ঘটে লিভারপুল ছাড়ার ঘোষণা দেওয়ার মাত্র দুই দিন পর। ২৪ মার্চ ক্লাবটি সালাহর বিদায়ের ঘোষণা দেয়। লিভারপুলের হয়ে ৪৪২ ম্যাচে ২৫৭ গোল করে ক্লাব ছাড়েন তিনি। ২০২৫-২৬ মৌসুম শেষে তুরস্কের ট্রাবজোনস্পোরে যোগ দেন এই ফরোয়ার্ড।

ইংল্যান্ডে গাড়ি চালানো নিয়ে এর আগেও সালাহর নাম এসেছিল। ২০২২ সালে ফেরারি এফ৮ ট্রিবিউটো চালিয়ে গতিসীমা অতিক্রম করায় তাকে জরিমানা করা হয়েছিল এবং লাইসেন্সে তিনটি পেনাল্টি পয়েন্ট যোগ হয়েছিল।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: