চোখের সমস্যায় শুটিং থেকে সরে দাঁড়ালেন সুমাইয়া শিমু, রুকাইয়া চরিত্রে দীপা

Pinky Saha Pinky Saha ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫:৩১ PM BST ৩৬ বার পঠিত
চোখের সমস্যায় শুটিং থেকে সরে দাঁড়ালেন সুমাইয়া শিমু, রুকাইয়া চরিত্রে দীপা

ছবি: সংগৃহীত

দীর্ঘ বিরতির পর মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘ফিরে আসার গল্প’ ধারাবাহিক দিয়ে অভিনয়ে ফেরার কথা ছিল সুমাইয়া শিমুর। কাজটি নিয়ে বেশ উচ্ছ্বসিতও ছিলেন এই অভিনেত্রী। ৬ সেপ্টেম্বর উত্তরায় শুটিং বাড়িতে ধারাবাহিকটির সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার পাশাপাশি এক দিন শুটিংও করেছিলেন তিনি।

তবে শেষ পর্যন্ত আর কাজটি করা হয়নি শিমুর। চোখের গুরুতর সমস্যার কারণে চিকিৎসকের পরামর্শে শুটিং থেকে সরে দাঁড়াতে হয়েছে তাঁকে। তাঁর পরিবর্তে রুকাইয়া চরিত্রে দেখা যাবে দীপা খন্দকারকে।

শিমু জানান, শুটিংয়ের প্রথম দিন থেকেই চোখে অস্বস্তি অনুভব করছিলেন। পরদিন চোখ ফুলে যায় এবং ব্যথাও বাড়তে থাকে। একপর্যায়ে ডান চোখ পুরোপুরি লাল হয়ে যায়। চিকিৎসকের কাছে গেলে জানা যায়, তাঁর চোখের কর্ণিয়ায় আঘাত লেগেছে।

শিমুর ভাষ্য অনুযায়ী, মেকআপের সময় মাসকারার ব্রাশের খোঁচা তাঁর কর্ণিয়ায় লাগে। এরপর চোখের ব্যথা এতটাই বেড়ে যায় যে শুটিংয়ে অংশ নেওয়া সম্ভব হয়নি। চিকিৎসকের পরামর্শে ১০ দিনের বেশি সম্পূর্ণ বিশ্রামে থাকতে হয়েছে তাঁকে। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা উন্নতির দিকে বলে জানিয়েছেন এই অভিনেত্রী।

সুমাইয়ার শারীরিক অবস্থার কথা জানার পর তাঁর সঙ্গে আলোচনা করেই কাস্টিং পরিবর্তনের সিদ্ধান্ত নেন পরিচালক মোস্তফা কামাল রাজ। আগে থেকেই ধারাবাহিকটির সঙ্গে যুক্ত থাকা দীপা খন্দকারকে রুকাইয়া চরিত্রে নেওয়া হয়। তাঁর আগে করার কথা ছিল মরিয়ম চরিত্রটি। পরে সেই চরিত্রে যুক্ত হয়েছেন রোজী সিদ্দিকী।

সুমাইয়া শিমু অভিনয় করতে না পারলেও ‘ফিরে আসার গল্প’ দিয়ে দীর্ঘদিন পর অভিনয়ে ফিরেছেন জাহিদ হাসান ও তানজিম সাইয়ারা তটিনী। এতে আরও অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম, খায়রুল বাসার, মনিরা মিঠু, ফয়জুল ইয়ামিন, মাহমুদুল ইসলাম মিঠু, মুকিত জাকারিয়া, এজাজুল ইসলাম, রাজুসহ অনেকে।

আগামী ৭ অক্টোবর থেকে সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে ‘ফিরে আসার গল্প’। প্রতি বুধ ও বৃহস্পতিবার দুপুর ১২টায় দেখা যাবে ধারাবাহিকটি।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: