চট্টগ্রামে ২ লাখ টাকা ঘুষ নেওয়ার সময় সাব-রেজিস্ট্রারসহ তিনজন আটক

Sharmin Sultana Sharmin Sultana ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১:০৬ PM BST চট্টগ্রাম জেলা ২৮ বার পঠিত
চট্টগ্রামে ২ লাখ টাকা ঘুষ নেওয়ার সময় সাব-রেজিস্ট্রারসহ তিনজন আটক

collected

চট্টগ্রাম নগরের পাহাড়তলী সাব-রেজিস্ট্রি কার্যালয়ে দুই লাখ টাকা ঘুষ নেওয়ার সময় সাব-রেজিস্ট্রারসহ তিনজনকে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুদকের একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটক ব্যক্তিরা হলেন পাহাড়তলী সাব-রেজিস্ট্রার আবদুস সোবহান, হেড ক্লার্ক ফারুক ইসলাম ও অফিসের উমেদার রূপন দাশ। দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজীর আহমেদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

দুদক সূত্রে জানা গেছে, এক আইনজীবী তাঁর মক্কেলের দুটি অংশীদারি চুক্তিপত্র নিবন্ধনের জন্য পাহাড়তলী সাব-রেজিস্ট্রি কার্যালয়ে জমা দেন। দলিল দুটিতে কোনো ত্রুটি না থাকলেও সেগুলোর নিবন্ধন প্রক্রিয়া আটকে রাখা হয় বলে অভিযোগ।

পরে দলিল দুটি নিবন্ধন করে দেওয়ার বিনিময়ে সাব-রেজিস্ট্রার আবদুস সোবহান ও হেড ক্লার্ক ফারুক ইসলাম ওই আইনজীবীর কাছে দুই লাখ টাকা ঘুষ দাবি করেন বলে অভিযোগ ওঠে।

বিষয়টি নিয়ে ওই আইনজীবী প্রথমে দুদকের হটলাইন ১০৬ নম্বরে অভিযোগ করেন। পরে চট্টগ্রাম-১ জেলা কার্যালয়ে লিখিত অভিযোগ জমা দেন। অভিযোগ যাচাইয়ের পর কমিশনের অনুমোদন নিয়ে অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেয় দুদক।

এরপর মঙ্গলবার পাহাড়তলী সাব-রেজিস্ট্রি কার্যালয়ে পরিকল্পিতভাবে ট্র্যাপ অভিযান চালায় দুদক। এ সময় ঘুষের দুই লাখ টাকা লেনদেনের মুহূর্তে সাব-রেজিস্ট্রার, হেড ক্লার্ক ও উমেদারকে আটক করা হয় বলে জানিয়েছে সংস্থাটি।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: