চট্টগ্রামে শুরু প্রথম আলো–স্টার নিউজ নারী ফুটবল টুর্নামেন্টের আঞ্চলিক পর্ব

Pinky Saha Pinky Saha ১২ অক্টোবর ২০২৬, ৩:১৫ PM BST ২০৯ বার পঠিত
চট্টগ্রামে শুরু প্রথম আলো–স্টার নিউজ নারী ফুটবল টুর্নামেন্টের আঞ্চলিক পর্ব

Photo Collected

উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে প্রথম আলো–স্টার নিউজ নারী ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর চট্টগ্রাম আঞ্চলিক পর্ব। রোববার সকালে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে জাতীয় সংগীত পরিবেশন এবং জাতীয় ও টুর্নামেন্টের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এতে চট্টগ্রাম অঞ্চলের ছয়টি দল অংশ নিচ্ছে। দুই দিনের এই প্রতিযোগিতার শেষ দিন আগামীকাল। চট্টগ্রাম অঞ্চল থেকে একটি দল জায়গা করে নেবে চূড়ান্ত পর্বের কোয়ার্টার ফাইনালে।

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে রাঙামাটির সুইহলামং ফুটবল একাডেমি ও খাগড়াছড়ি ফুটবল একাডেমি। পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে আসা কিশোরী ফুটবলারদের অংশগ্রহণে স্টেডিয়ামে তৈরি হয়েছে উৎসবের আমেজ। উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব মোহাম্মদ সালাহ উদ্দিন, সাবেক জাতীয় ফুটবলার নাসিরউদ্দিন চৌধুরী, প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী এবং প্রথম আলোর মহাব্যবস্থাপক ও হেড অব মার্কেটিং মো. আজওয়াজ খান উপস্থিত ছিলেন। তাঁরা নারী ফুটবলারদের উৎসাহিত করেন এবং এ ধরনের আয়োজনের প্রশংসা করেন।

প্রথম আলো ও স্টার নিউজের উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত এই টুর্নামেন্টে মোট ৩৬টি দল ছয়টি অঞ্চলে ভাগ হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে। এরই মধ্যে রংপুর, রাজশাহী, খুলনা ও সিলেট অঞ্চল থেকে পাঁচটি দল চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে। বাকি দলগুলোর মধ্য থেকে চট্টগ্রামের একটি দলও কোয়ার্টার ফাইনালে খেলার সুযোগ পাবে। এ মাসের শেষ সপ্তাহে ঢাকার সাভারে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাঠে অনুষ্ঠিত হবে সেরা আটটি আঞ্চলিক দলকে নিয়ে চূড়ান্ত পর্ব।

তৃণমূল পর্যায়ের নারী ফুটবল প্রতিভা তুলে ধরা এবং কিশোরী খেলোয়াড়দের সামনে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করাই এই আয়োজনের অন্যতম লক্ষ্য। আয়োজকদের প্রত্যাশা, এই প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রতিভাবান খেলোয়াড়দের মধ্য থেকেই ভবিষ্যতে কেউ কেউ আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: