ব্রেকিং

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের ডিজিটাল সচেতনতা ক্যাম্পেইন শুরু

Sharmin Sultana Sharmin Sultana ২১ সেপ্টেম্বর ২০২৬, ২:২৩ PM BST ৬৬ বার পঠিত
ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের ডিজিটাল সচেতনতা ক্যাম্পেইন শুরু

collected

ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী তিন মাসব্যাপী বিশেষ ডিজিটাল সচেতনতা ক্যাম্পেইন শুরু করেছে সরকার। ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে এই প্রচারণা চালানো হচ্ছে। কর্মসূচিতে সাধারণ নাগরিক, তরুণ প্রজন্ম ও কনটেন্ট ক্রিয়েটরদের সক্রিয়ভাবে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

সোমবার (২১ সেপ্টেম্বর) দেওয়া এক বার্তায় তিনি এ আহ্বান জানান।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, শুধু প্রশাসনিক তৎপরতা কিংবা মশা নিয়ন্ত্রণে কীটনাশক প্রয়োগের মাধ্যমে ডেঙ্গু পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এর জন্য ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি পরিবার ও সমাজের প্রতিটি পর্যায়ে মানুষের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।

সামাজিক যোগাযোগমাধ্যমে সচেতনতার আহ্বান

ড. এম এ মুহিত বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে অল্প সময়ে বিপুলসংখ্যক মানুষের কাছে তথ্য পৌঁছে দেওয়া সম্ভব। তাই ডেঙ্গু প্রতিরোধে সঠিক ও প্রয়োজনীয় তথ্য দ্রুত মানুষের কাছে পৌঁছে দিতে এসব মাধ্যম কার্যকরভাবে ব্যবহার করা যেতে পারে।

বিশেষ করে তরুণদের পাশাপাশি কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সারদের এ উদ্যোগে যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি।

ডেঙ্গু প্রতিরোধের বিভিন্ন উপায় নিয়ে ভিডিও, রিলস, স্টোরি, ইনফোগ্রাফিক ও অন্যান্য সচেতনতামূলক কনটেন্ট তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ ও শেয়ার করার জন্য তাদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

বাড়ি ও কর্মস্থল পরিষ্কার রাখার ওপর গুরুত্ব

স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে ইতোমধ্যে কয়েকজন কনটেন্ট ক্রিয়েটর এই প্রচারণায় যুক্ত হয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী।

তিনি বলেন, সহজ ও আকর্ষণীয় উপায়ে ডেঙ্গু প্রতিরোধের তথ্য মানুষের কাছে পৌঁছে দিতে কনটেন্ট ক্রিয়েটররা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। সৃজনশীল ভিডিও, ছবি, ইনফোগ্রাফিক ও পোস্টের মাধ্যমে সচেতনতার বার্তা দ্রুত ছড়িয়ে দেওয়া সম্ভব।

ক্যাম্পেইনের অংশ হিসেবে নাগরিকদের নিজেদের বাড়ি, আঙিনা ও কর্মস্থল নিয়মিত পরিষ্কার রাখার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধসংক্রান্ত সচেতনতামূলক তথ্য অনলাইনে শেয়ার করে অন্যদের সতর্ক করার আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: