দেশে কমছে কনসার্ট, বিদেশমুখী হচ্ছেন সংগীতশিল্পীরা

Pinky Saha Pinky Saha ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৫ PM BST ২৮ বার পঠিত
দেশে কমছে কনসার্ট, বিদেশমুখী হচ্ছেন সংগীতশিল্পীরা

ছবি: সংগৃহীত

দেশের ভেতরে কনসার্ট আয়োজনের সংখ্যা দিন দিন কমছে। গত দুই বছরে বিভিন্ন স্থানে নানা আপত্তি ও নিরাপত্তাজনিত কারণে কনসার্ট ও গানের অনুষ্ঠান বন্ধ বা স্থগিত হয়েছে। এমন পরিস্থিতিতে বিশেষ করে ওপেন এয়ার কনসার্ট আয়োজনের ক্ষেত্রে ঝুঁকি নিতে চাইছেন না অনেক আয়োজক। ফলে ইনডোরে কিছু আয়োজন হলেও সার্বিকভাবে দেশে কনসার্টের সংখ্যা কমে যাচ্ছে।

নিরাপত্তাহীনতা ও শেষ মুহূর্তে অনুষ্ঠান স্থগিত হওয়ার আশঙ্কায় ঢাকা ও ঢাকার বাইরের অনেক আয়োজক কনসার্ট আয়োজন থেকে সরে আসছেন। এর প্রভাব পড়ছে দেশের সংগীতশিল্পীদের ওপরও। দেশে কাজ ও কনসার্টের সুযোগ কমে যাওয়ায় অনেকে বিদেশে গিয়ে নিয়মিত অনুষ্ঠান করছেন। অন্যদিকে দেশের বাইরে বাংলাদেশি শিল্পীদের কনসার্ট আয়োজনের সংখ্যাও বাড়ছে।

বর্তমানে যুক্তরাষ্ট্র, কানাডা ও ইউরোপের বিভিন্ন দেশে বাংলাদেশি শিল্পীদের কনসার্টের আয়োজন হচ্ছে। নগরবাউল জেমস গত দুই মাস ইউরোপের বিভিন্ন দেশে কনসার্ট করেছেন। সর্বশেষ তিনি অস্ট্রেলিয়ায় একটি কনসার্টে অংশ নিয়েছেন।

এই প্রজন্মের জনপ্রিয় গায়ক ইমরানও প্রায় দেড় মাস ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। দেশটির বিভিন্ন রাজ্যে কনসার্টে অংশ নিচ্ছেন তিনি। একই সময়ে একই আয়োজনের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রে কনসার্ট করছেন কণ্ঠশিল্পী কনা ও ঝিলিক। গায়িকা আঁখি আলমগীরও বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করে বিভিন্ন কনসার্টে অংশ নিচ্ছেন।

এর আগে যুক্তরাষ্ট্রে গেছেন শাহনাজ বেলী। তিনি ফোবানাসহ বিভিন্ন আয়োজনে সংগীত পরিবেশন করছেন। সংগীতশিল্পী সামিনা চৌধুরী ও ফাহমিদা নবীও নিয়মিত আমেরিকা ও কানাডার বিভিন্ন কনসার্টে অংশ নিচ্ছেন। সম্প্রতি ইউরোপ সফর শেষ করে দেশে ফিরেছেন কণ্ঠশিল্পী সালমা। অন্যদিকে যুক্তরাষ্ট্রে দীর্ঘ কনসার্ট ট্যুর শেষ করেছেন প্রীতম হাসান।

দেশের সংগীতাঙ্গনের শিল্পীদের বিদেশমুখী হওয়ার প্রবণতার আরেকটি উদাহরণ প্রতীক হাসান। তার বড় ভাই প্রতীক হাসান পরিবারসহ যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। শুধু কনসার্ট নয়, কেউ কেউ ভবিষ্যতে আমেরিকা কিংবা কানাডায় স্থায়ীভাবে বসবাসের পরিকল্পনাও করছেন বলে সংশ্লিষ্টদের মধ্যে আলোচনা রয়েছে।

সংশ্লিষ্টদের মতে, দেশে কনসার্টের সংখ্যা কমে যাওয়ার পাশাপাশি নতুন গানের কাজ ও প্রকাশের সংখ্যাও কমছে। ফলে শিল্পীদের নিয়মিত কাজের ক্ষেত্র সংকুচিত হচ্ছে। বিপরীতে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে দেশীয় শিল্পীদের গান ও কনসার্টের চাহিদা থাকায় বিদেশে অনুষ্ঠান আয়োজন বাড়ছে।

সব মিলিয়ে দেশে কনসার্ট আয়োজনের সংকোচন শিল্পীদের সামনে নতুন বাস্তবতা তৈরি করেছে। দেশীয় মঞ্চের সুযোগ কমে যাওয়ায় বিদেশের মঞ্চকেই অনেকে বিকল্প কর্মক্ষেত্র হিসেবে বেছে নিচ্ছেন। এতে একদিকে বিদেশে বাংলাদেশি শিল্পীদের উপস্থিতি বাড়ছে, অন্যদিকে দেশের সংগীতাঙ্গনে কনসার্ট ও নতুন গানের সংখ্যা কমে যাওয়ার বিষয়টি নিয়ে উদ্বেগও বাড়ছে।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: