সংগৃহীত ছবি
দেশের বাজারে আবারও কমানো হয়েছে সোনার দাম। আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) থেকে প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ১ হাজার ৬৯১ টাকা কমেছে। নতুন এ দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমে যাওয়ায় নতুন করে দাম সমন্বয় করা হয়েছে। একই সঙ্গে কমানো হয়েছে রুপার দামও।
নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি ভালো মানের সোনার দাম কমে হয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরির দাম ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ছিল ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা। ২১ ক্যারেটের দাম ছিল ২ লাখ ২৪ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৯২ হাজার ৩৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ছিল ১ লাখ ৫৭ হাজার ১৭২ টাকা।
কমেছে রুপার দামও
সোনার পাশাপাশি দেশের বাজারে কমানো হয়েছে রুপার দাম। প্রতি ভরিতে সর্বোচ্চ ২৯১ টাকা কমেছে রুপার দাম।
দাম কমানোর পর ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম দাঁড়িয়েছে ৪ হাজার ৮৪১ টাকা।
এর আগে গত ১৯ সেপ্টেম্বর দেশের বাজারে সোনার দাম ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৬৯১ টাকা বাড়ানো হয়েছিল। ফলে সাম্প্রতিক সময়ে কয়েক দফা দাম বাড়া-কমার মধ্য দিয়ে যাচ্ছে দেশের স্বর্ণবাজার।
একসময় ভরি সোনার দাম উঠেছিল ২ লাখ ৮৬ হাজার টাকা
চলতি বছরের ২৯ জানুয়ারি দেশের বাজারে সোনার দাম ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল। ওই দিন একলাফে প্রতি ভরিতে ১৬ হাজার ২১৩ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের সোনার দাম ২ লাখ ৮৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছিল।
পরে দাম কমে প্রতি ভরি সোনা ২ লাখ ২০ হাজার টাকার নিচে নেমে আসে। এরপর আবার দফায় দফায় দাম বাড়ে। ফলে চলতি বছরজুড়েই দেশের স্বর্ণবাজারে উল্লেখযোগ্য ওঠানামা দেখা গেছে।
বিশ্ববাজারে সোনার দাম
দেশের বাজারে দাম কমলেও গতকাল শুক্রবার আন্তর্জাতিক বাজারে সোনার দাম বেড়েছে। গোল্ড প্রাইস ডট অর্গের তথ্য অনুযায়ী, ওই দিন প্রতি আউন্স সোনার দাম প্রায় ২২ ডলার বেড়েছে।
সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক বাজারেও সোনার দামে বেশ অস্থিরতা দেখা যাচ্ছে। গত ৩০ দিনে সামগ্রিকভাবে প্রতি আউন্স সোনার দাম প্রায় ৩৪৭ ডলার কমেছে।
সাধারণত বৈশ্বিক অনিশ্চয়তার সময় সোনার চাহিদা বাড়ে এবং দামও ঊর্ধ্বমুখী হয়। তবে ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরুর পর এবার এর বিপরীত চিত্র দেখা গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। গত ছয় মাসে আন্তর্জাতিক বাজারে সোনার দাম প্রায় ১২০ ডলার কমেছে।
এর আগে চলতি বছরের ৮ জানুয়ারি স্পট মার্কেটে প্রতি আউন্স সোনার দাম সর্বোচ্চ ৫ হাজার ৫৮৯ ডলারে উঠেছিল।