collected
ডোপ টেস্টে ‘পজিটিভ’ ফল পাওয়ায় পুলিশ সুপার (টিআর) আ ফ ম নিজাম উদ্দিনকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজের (ডিএসসিএসসি) চলমান কোর্সে অংশ নেওয়ার সময় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর তাঁর ডোপ টেস্ট করা হয়।
গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।
প্রজ্ঞাপন অনুযায়ী, আ ফ ম নিজাম উদ্দিন পুলিশ অধিদপ্তরের পুলিশ সুপার (টিআর) হিসেবে কর্মরত ছিলেন এবং বর্তমানে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত রয়েছেন।
ডিএসসিএসসি-২০২৬ কোর্সে অংশগ্রহণের জন্য গত ৮ জানুয়ারি তিনি পুলিশ অধিদপ্তর, ঢাকা থেকে মিরপুর সেনানিবাসে যান। কোর্স চলাকালে গত ৭ জুন অসুস্থ হয়ে পড়লে তাঁকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পাঠানো হয়।
সিএমএইচে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার অংশ হিসেবে তাঁর ডোপ টেস্ট করা হয়। সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরীক্ষায় তাঁর প্রস্রাবের নমুনায় বেনজোডায়াজেপিন (বিজেডও) এবং অ্যামফিটামিন/মেথঅ্যামফিটামিন ‘পজিটিভ’ পাওয়া যায়।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, ডোপ টেস্টের এ ফলাফল ডিএসসিএসসি কোর্সের শৃঙ্খলার পরিপন্থী হিসেবে বিবেচিত হয়েছে। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ৩(খ) অনুযায়ী বিষয়টি ‘অসদাচরণ’ হিসেবে শাস্তিযোগ্য অপরাধ।
ওই বিধিমালার ১২(১) অনুযায়ী, গত ৩১ আগস্ট থেকে আ ফ ম নিজাম উদ্দিনকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সাময়িক বরখাস্তের সময়ে তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন।