দর্শকদের জন্য উন্মুক্ত ‘সেনসেশন চরকি কার্নিভাল’ অ্যাওয়ার্ড

Pinky Saha Pinky Saha ১২ সেপ্টেম্বর ২০২৬, ৪:১১ PM BST ২ বার পঠিত
দর্শকদের জন্য উন্মুক্ত ‘সেনসেশন চরকি কার্নিভাল’ অ্যাওয়ার্ড

ওটিটিতে জমকালো চরকি অ্যাওয়ার্ডস

গুণী ও জনপ্রিয় অভিনয়শিল্পী-কলাকুশলীদের মিলনমেলায় জমে উঠেছিল ‘সেনসেশন চরকি কার্নিভাল পাওয়ার্ড বাই ইন্টারকন্টিনেন্টাল ঢাকা’। গত ৩ জুলাই অনুষ্ঠিত জমকালো আয়োজনে ছিল অভিনয়ের মাস্টার ক্লাস, প্যানেল ডিসকাশন ও অ্যাওয়ার্ড অনুষ্ঠান। এবার সেই অ্যাওয়ার্ড আয়োজনের বিশেষ মুহূর্তগুলো দর্শকদের জন্য উন্মুক্ত করেছে দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকি।

গতকাল রাত ৮টায় চরকিতে প্রকাশ পেয়েছে পুরো আয়োজনের বিশেষ কনটেন্ট। এর মাধ্যমে দর্শকরাও অনুষ্ঠানের জমকালো পরিবেশ, তারকাদের উপস্থিতি এবং অ্যাওয়ার্ড ঘিরে নানা মুহূর্ত উপভোগ করার সুযোগ পাচ্ছেন।

বিজ্ঞাপন / ADVERTISEMENT রবি আজিয়াটা লিমিটেড

কনটেন্টে থাকছে তারকাদের রেড কার্পেটের মুহূর্ত, ফ্যাশন ও সাজসজ্জা, বিভিন্ন সাক্ষাৎকার এবং অনুষ্ঠানে অংশ নেওয়া তারকাদের বিশেষ অভিজ্ঞতা। পাশাপাশি মিলনমেলার নানা স্মরণীয় মুহূর্তও তুলে ধরা হয়েছে।

অ্যাওয়ার্ড জয়ীদের আনন্দ ও তাৎক্ষণিক প্রতিক্রিয়াও থাকছে এই আয়োজনে। ফলে কারা পুরস্কার জিতেছেন, পুরস্কার পাওয়ার পর তাঁদের অনুভূতি কেমন ছিল এবং তারকাদের উদযাপনের মুহূর্তগুলো কেমন ছিল—সেসবও জানতে পারবেন দর্শকরা।

দেশের বিনোদন অঙ্গনের অভিনয়শিল্পী ও কলাকুশলীদের নিয়ে আয়োজিত ‘সেনসেশন চরকি কার্নিভাল’ শুরু থেকেই ছিল তারকাদের মিলনমেলার অন্যতম আকর্ষণীয় আয়োজন। মাস্টার ক্লাস ও প্যানেল আলোচনার পাশাপাশি অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি পেয়েছিল আলাদা গুরুত্ব।

এবার মঞ্চের সেই ঝলমলে আয়োজন পর্দায় নিয়ে এসেছে চরকি। ফলে যারা সরাসরি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি, তারাও ঘরে বসে রেড কার্পেট থেকে শুরু করে অ্যাওয়ার্ড জয়ের আনন্দ—সবকিছুর নির্বাচিত মুহূর্ত উপভোগ করতে পারবেন।

বিজ্ঞাপন / ADVERTISEMENT মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ
শেয়ার করুন: