Photo Collected
একসময় পশ্চিমবঙ্গের বাংলা সিনেমায় নিয়মিত মুখ ছিলেন রাইমা সেন। গত কয়েক বছরে হিন্দি সিরিজ ও সিনেমায় মাঝেমধ্যে দেখা গেলেও বাংলা সিনেমা বা সিরিজে নিয়মিত ছিলেন না তিনি। চলতি বছরের জুনে ‘হাওয়া বদল’ সিনেমার মাধ্যমে আবারও বড় পর্দায় ফিরেছেন এই অভিনেত্রী। সামনে তাঁকে দেখা যাবে ‘একেন বাবু’ সিরিজের নতুন সিনেমা ‘দ্য একেন: কেরালায় কুরুক্ষেত্র’-তে।
পশ্চিমবঙ্গের গণমাধ্যম এই সময়কে দেওয়া সাক্ষাৎকারে রাইমা জানান, গত কয়েক বছরে পছন্দমতো ভালো প্রকল্প না পাওয়ার কারণেই বাংলা সিনেমা বা সিরিজে নিয়মিত কাজ করা হয়নি তাঁর। একই ধরনের গল্প বা চরিত্রে অভিনয় করতে চান না বলেও জানান অভিনেত্রী।
রাইমার কথায়, নতুন কোনো কাজের প্রস্তাবে অবশ্যই নতুনত্ব থাকতে হবে। দর্শক তাঁকে আগে যেভাবে দেখেছেন, তার বাইরে গিয়ে ভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করতে চান তিনি। একই ধরনের চরিত্রে বারবার অভিনয় করার চেয়ে অভিনয়ের মাধ্যমে নতুন কিছু শেখাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন অভিনেত্রী।
রাইমা বলেন, এমন অনেক সময় গেছে যখন দীর্ঘদিন কোনো কাজ করেননি। এখন নতুন কোনো চরিত্রে অভিনয়ের ক্ষেত্রে তিনি কমেডি, গ্যাংস্টার কিংবা ফিল্মি পুলিশের মতো চরিত্রের পাশাপাশি একেবারে ভিন্নধর্মী বা ‘আউট অব দ্য বক্স’ চরিত্র খুঁজছেন।
শুধু অভিনয় নয়, নিজেকে আরও সমৃদ্ধ করতেও সময় দিচ্ছেন রাইমা। নিয়মিত ওয়ার্কশপে অংশ নেওয়ার পাশাপাশি প্রচুর বই পড়েন তিনি। বিশেষ করে বরেণ্য অভিনেতাদের আত্মজীবনী পড়তে আগ্রহী। বর্তমানে অ্যান্টনি হপকিনসের আত্মজীবনী পড়ছেন বলেও জানান অভিনেত্রী। পাশাপাশি নিয়মিত ভালো সিনেমা দেখেন এবং নিজেকে সময়ের সঙ্গে আপডেট রাখার চেষ্টা করেন।
রাইমার মতে, তিনি যে অভিনয়ের ধারা দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন, সময়ের সঙ্গে সেই পদ্ধতিতে অনেক পরিবর্তন এসেছে। তাই অভিনয়জগতে প্রাসঙ্গিক থাকতে হলে নিজেকেও সময়ের সঙ্গে বদলাতে হবে।
এদিকে রাইমার ব্যক্তিগত জীবন নিয়েও প্রায়ই নানা গুঞ্জন শোনা যায়। তবে অভিনেত্রী জানিয়েছেন, বর্তমানে তিনি সিঙ্গেল। বিয়ের প্রসঙ্গে তাঁর বক্তব্য, শুধু সামাজিক চাপ কিংবা বয়সের কথা মাথায় রেখে বিয়ে করতে তিনি বিশ্বাসী নন। এমন কাউকে এখনো পাননি, যার সঙ্গে পুরো জীবন কাটাতে চান বলেও জানান তিনি।
বাংলা সিনেমার বর্তমান পরিস্থিতি নিয়েও নিজের মত জানিয়েছেন রাইমা। তাঁর মতে, একসময় বাংলা চলচ্চিত্রের পরিচিতি বিশ্বজুড়ে ছিল। বর্তমানে সেই অবস্থান অনেকটাই বদলে গেছে। বাইরে কাজ করতে গেলে অনেকেই বাংলা সিনেমার বর্তমান পরিস্থিতি নিয়ে প্রশ্ন করেন বলেও জানান অভিনেত্রী। তাঁর আশা, বাংলা চলচ্চিত্রের ইন্ডাস্ট্রি আবারও আগের গৌরবের জায়গায় ফিরে আসবে।
এদিকে ‘দ্য একেন: কেরালায় কুরুক্ষেত্র’ সিনেমার টিজার প্রকাশের পর দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। ছবিতে রাইমা সেন ছাড়াও অভিনয় করেছেন রাজেশ শর্মা, অম্বরীশ ভট্টাচার্য ও অর্ণ মুখার্জি। একেন বাবু চরিত্রে আগের মতোই দেখা যাবে অনির্বাণ চক্রবর্তীকে।
দুর্গাপূজা উপলক্ষে আগামী ১৫ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘দ্য একেন: কেরালায় কুরুক্ষেত্র’-এর।