‘একটি কিনলে একটি ফ্রি’ অফারে কোটি টাকা আত্মসাতের অভিযোগ, আঁখি ও স্বামী গ্রেপ্তার

Sharmin Sultana Sharmin Sultana ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ PM BST সিলেট ২৭ বার পঠিত
‘একটি কিনলে একটি ফ্রি’ অফারে কোটি টাকা আত্মসাতের অভিযোগ, আঁখি ও স্বামী গ্রেপ্তার

collected

‘একটি কিনলে একটি ফ্রি’ ও ‘শতভাগ ক্যাশব্যাক’ অফারের মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে টাকা নেওয়ার পর প্রতিষ্ঠান বন্ধ করে পালিয়ে যাওয়ার অভিযোগে ‘আঁখি সুপার শপ’-এর পরিচালক আসমা শারমিন ওরফে আঁখি (৩২) ও তাঁর স্বামী জাহাঙ্গীর আলমকে (৩৭) গ্রেপ্তার করেছে পুলিশ।

প্রায় সাড়ে চার বছর পর রোববার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে রাজশাহী নগর থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। পুলিশের তথ্য অনুযায়ী, আসমার বিরুদ্ধে ১৫টি এবং তাঁর স্বামীর বিরুদ্ধে দুটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

পুলিশ জানায়, ২০২২ সালে সিলেটে মামলা হওয়ার পর থেকেই তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছিল। তাঁরা অন্যের নামে নিবন্ধিত মুঠোফোনের সিম ব্যবহার করে গাজীপুরে অবস্থান করছিলেন। সেখানে ‘এসএম ওয়েল মিলস’ নামে একটি প্রতিষ্ঠান চালু করে অনলাইনে তেল বিক্রির কার্যক্রম পরিচালনা করতেন। একই সঙ্গে অন্যের নামে নিবন্ধিত নম্বরে নগদ হিসাব খুলে অর্থ লেনদেনের অভিযোগও রয়েছে।

বাগমারা থানার উপপরিদর্শক (এসআই) শিহাব উদ্দিন জানান, তাঁদের অবস্থান শনাক্ত করতে গিয়ে পিরোজপুরের হাফিজুর রহমানের নামে নিবন্ধিত একটি মুঠোফোন নম্বরের সন্ধান পাওয়া যায়। ওই নম্বর ব্যবহার করে তাঁরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতেন। সেই সূত্র ধরে অনুসন্ধান চালিয়ে রাজশাহী নগর থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, সিলেট শহরতলির বটেশ্বর গইলাপাড়া এলাকায় আঁখি সুপার শপের কার্যালয় ছিল। প্রতিষ্ঠানটির ফেসবুক পেজে মোটরসাইকেল, ইলেকট্রনিক পণ্য ও বিভিন্ন গ্রোসারি পণ্যের ৩০ ও ৯০ দিনের প্যাকেজের প্রচারণা চালানো হতো।

২০২১ সালের ১৩ নভেম্বর ‘একটি পণ্য কিনলে একই পণ্য আরেকটি ফ্রি তথা শতভাগ ক্যাশব্যাক’ শিরোনামে একটি অফার প্রচার করা হয়। এসব প্রচারণায় আকৃষ্ট হয়ে গ্রাহকেরা বিভিন্ন পণ্য কেনার জন্য নগদ অর্থ দেওয়ার পাশাপাশি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবেও টাকা জমা দেন।

অভিযোগ রয়েছে, পরে গ্রাহকদের পণ্য না দিয়ে ২০২২ সালে প্রতিষ্ঠানটি বন্ধ করে দেওয়া হয়। এরপর আসমা শারমিন ও তাঁর সহযোগীরা টাকা নিয়ে পালিয়ে যান বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: