এশিয়ান গেমসে বাংলাদেশের নারী হকির শুরুটা ১৩ গোলের হারে, সামনে মালয়েশিয়া

Pinky Saha Pinky Saha ২০ সেপ্টেম্বর ২০২৬, ১:০৯ PM BST ৩০ বার পঠিত
এশিয়ান গেমসে বাংলাদেশের নারী হকির শুরুটা ১৩ গোলের হারে, সামনে মালয়েশিয়া

সংগৃহীত ছবি

এশিয়ান গেমসে অভিষেক ম্যাচে শক্তিশালী চীনের কাছে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ নারী হকি দল। রোববার (২০ সেপ্টেম্বর) পুল ‘এ’-এর ম্যাচে জাপানের কাওয়াসাকি জুকো স্টেডিয়ামে ১৩-০ গোলে হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

ম্যাচের চতুর্থ মিনিটেই ঝোং জিয়াছির গোল থেকে শুরু হয় চীনের গোল উৎসব। পুরো ম্যাচে বাংলাদেশের ওপর চাপ ধরে রাখে চীন। ঝোং জিয়াছি হ্যাটট্রিক করেন ৪, ১৩ ও ২৯ মিনিটে।

চীনের হয়ে জোড়া গোল করেন চেন ইয়াং, জোউ মেইরং ও চেন ইর। এ ছাড়া লি হং, ঝাং ইং, মা নিং ও ইয়াং লিউ একটি করে গোল করেন। পুরো ম্যাচে বাংলাদেশ কোনো গোলের সুযোগ কাজে লাগাতে পারেনি।

১২ দলের এই প্রতিযোগিতায় দুই পুল থেকে দুটি করে দল সেমিফাইনালে উঠবে। ফাইনাল হবে ২ অক্টোবর। এবারের নারী হকির সঙ্গে ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের টিকিটের সমীকরণও জড়িত। চ্যাম্পিয়ন দল সরাসরি অলিম্পিকে খেলার সুযোগ পাবে।

বাংলাদেশের সামনে অবশ্য দ্রুত ঘুরে দাঁড়ানোর সুযোগ রয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) পুল ‘এ’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়ার মুখোমুখি হবে তারা।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: