ছবি: সংগৃহীত
রিয়াল মাদ্রিদ থেকে ধারে ইতালিয়ান ক্লাব ফিওরেন্তিনায় খেলতে গিয়ে ইতিহাস গড়েছেন আর্জেন্টিনার তরুণ ফরোয়ার্ড ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। সেরি আ-তে ভেনেজিয়ার বিপক্ষে ফিওরেন্তিনার ৪-২ গোলের জয়ে দুর্দান্ত হ্যাটট্রিক করে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের ইতিহাসে সবচেয়ে কম বয়সী আর্জেন্টাইন হিসেবে এই কীর্তি গড়েছেন তিনি। এর মাধ্যমে স্বদেশি কিংবদন্তি লিওনেল মেসির পুরোনো রেকর্ডও ভেঙে দিয়েছেন তরুণ এই ফুটবলার।
মাত্র ১৯ বছর ২৮ দিন বয়সে হ্যাটট্রিক করেন মাস্তানতুয়োনো। ২০০৭ সালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে বার্সেলোনার হয়ে মেসির প্রথম বিখ্যাত হ্যাটট্রিকের সময় যে বয়স ছিল, তার চেয়ে ২৩১ দিন কম বয়সে একই কীর্তি গড়লেন মাস্তানতুয়োনো। এক ম্যাচে একাধিক গোল করা ফিওরেন্তিনার সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবেও নিজের নাম লিখিয়েছেন তিনি।
ম্যাচের ২২ মিনিটে অ্যাকার অ্যাডামসের গোলে এগিয়ে যায় ভেনেজিয়া। তবে প্রথমার্ধের শেষভাগে মাত্র ১ মিনিট ৩৮ সেকেন্ডের ব্যবধানে দুটি গোল করে ফিওরেন্তিনাকে এগিয়ে দেন মাস্তানতুয়োনো। ম্যাচ শেষ হওয়ার ছয় মিনিট আগে নিজের তৃতীয় গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি।
তরুণ এই আর্জেন্টাইন ফরোয়ার্ডের দুর্দান্ত পারফরম্যান্সে ভেনেজিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ জয় পায় ফিওরেন্তিনা। নতুন মৌসুমে এটি দলটির প্রথম পয়েন্ট এবং জয়ের পর লিগ টেবিলের ১৫তম স্থানে উঠে এসেছে ইতালিয়ান ক্লাবটি।