জেদের কারণে অন্যজনকে বিয়ে, স্পর্শিয়ার নতুন গল্পে মুশফিক ফারহান

Pinky Saha Pinky Saha ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৬:১৮ PM BST ২৮ বার পঠিত
জেদের কারণে অন্যজনকে বিয়ে, স্পর্শিয়ার নতুন গল্পে মুশফিক ফারহান

ছবি: সংগৃহীত

পর্দায় একের পর এক নতুন গল্প ও চরিত্রে নিজেকে তুলে ধরার চেষ্টা করছেন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। সেই ধারাবাহিকতায় এবার ‘পথের সাথীকে চিনে নিও’ নামের একক নাটকে অভিনয় করেছেন তিনি। নাটকটিতে অর্চিতা নামের এক জেদি তরুণীর চরিত্রে দেখা যাবে তাকে।

নাটকের গল্পে অর্চিতার জীবনের সঙ্গে জড়িয়ে যায় মঈন নামের এক তরুণ। অভাব-অনটনের সঙ্গে লড়াই করেও দুজনের মধ্যে গড়ে ওঠে ভালোবাসার সম্পর্ক। মঈন দুইবার বিসিএস পরীক্ষায় ব্যর্থ হওয়ার পরও হাল ছাড়ে না। তৃতীয়বারের মতো বিসিএস পরীক্ষার প্রস্তুতি নিতে শুরু করে সে।

এদিকে অর্চিতার বিয়ে নিয়ে তোড়জোড় শুরু করেন তার বাবা। পরিস্থিতি বুঝে অর্চিতা মঈনের ওপর জেদ ধরে—বিসিএসের প্রস্তুতি বাদ দিয়ে যেন সে যেকোনো একটি চাকরিতে যোগ দেয়। তাহলেই তাদের বিয়ে করা সম্ভব হবে বলে মনে করে অর্চিতা।

কিন্তু মঈন নিজের স্বপ্ন থেকে সরে আসতে রাজি নয়। অর্চিতার জেদের কাছে একপর্যায়ে হার মেনে সে তার বাবার সঙ্গে দেখা করতে যায় এবং বিসিএস পরীক্ষার প্রস্তুতির বিষয়টি খুলে বলে। কিন্তু মঈনের কথা মেনে নেওয়ার পরিবর্তে অর্চিতার বাবা তাকে অপমান করে বাড়ি থেকে বের করে দেন।

এরপরও পরিস্থিতির কাছে হার মানতে চায় না অর্চিতা। তবে একপর্যায়ে বাধ্য হয়ে অন্য একজনকে বিয়ে করতে হয় তাকে। আর অর্চিতার এই সিদ্ধান্তের পরই গল্পে একের পর এক নতুন ঘটনার জন্ম নেয়। সম্পর্ক, স্বপ্ন, পারিবারিক চাপ ও জেদের টানাপোড়েন ঘিরেই এগিয়ে যায় নাটকের কাহিনি।

শাহজাহান সৌরভের লেখা গল্পে নির্মিত হয়েছে ‘পথের সাথীকে চিনে নিও’। নাটকটি পরিচালনা করেছেন জুবায়ের ইবনে বকর।

নাটকটিতে অর্চিতা স্পর্শিয়ার বিপরীতে অভিনয় করেছেন মুশফিক ফারহান। বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন মিলি বাসার, জয়নাল জ্যাক, আর কে রেজা, তাসরিন জাহান স্বপ্নাসহ অনেকে।

এর আগে বেশ কয়েকটি নাটকে জুটি বেঁধে দর্শকের মনোযোগ কেড়েছেন অর্চিতা স্পর্শিয়া ও মুশফিক ফারহান। তাদের একসঙ্গে অভিনীত নাটকের মধ্যে রয়েছে ‘সুইট ফ্যামিলি’, ‘যদি আমার না হও’, ‘এই গল্পের নাম কী’, ‘মিরাকল অব লাভ’, ‘এক্স বয়ফ্রেন্ডস ওয়েডিং’ ও ‘আমানত’।

এবার নতুন গল্প ও ভিন্ন চরিত্রে তাদের অভিনয় দর্শকের কেমন লাগে, সেটিই দেখার বিষয়। ‘পথের সাথীকে চিনে নিও’ নাটকটি ইতোমধ্যে দর্শকদের জন্য বাংলাভিশন ড্রামা ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হয়েছে।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: