জোভান-তৌসিফকে নিয়ে ভক্তদের যুদ্ধ, যা বললেন জোভান

Pinky Saha Pinky Saha ৩০ সেপ্টেম্বর ২০২৬, ৫:৫৬ PM BST ২৮ বার পঠিত
জোভান-তৌসিফকে নিয়ে ভক্তদের যুদ্ধ, যা বললেন জোভান

Photo Collected

পছন্দের অভিনয়শিল্পীকে এগিয়ে রাখতে ভক্তদের মধ্যে ভার্চ্যুয়াল তর্ক-বিতর্ক নতুন কিছু নয়। সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন গ্রুপে প্রায়ই প্রিয় তারকাকে সেরা প্রমাণ করতে অন্য তারকার ভক্তদের সঙ্গে ঝগড়ায় জড়ান অনেকে। এবার এমনই এক ভার্চ্যুয়াল লড়াইয়ের কেন্দ্রে এসেছেন অভিনেতা ফারহান আহমেদ জোভান ও তৌসিফ মাহবুব। তবে মজার বিষয় হলো, ভক্তদের এই লড়াইয়ের দুই তারকাই দীর্ঘদিনের বন্ধু।

সম্প্রতি তৌসিফ মাহবুবের সঙ্গে একটি ছবি প্রকাশ করে ভক্তদের উদ্দেশে নিজের অবস্থান পরিষ্কার করেছেন জোভান। সেখানে তিনি বলেন, তাঁদের দুজনকে নিয়ে ভক্তদের এত ঝগড়া ও ভার্চ্যুয়াল মারামারির আগে একটি বিষয় জানা উচিত—তাঁরা একে অপরকে যতটা সম্মান করেন, ভক্তরা পরস্পরকে ততটা সম্মান করেন না।

জোভান ও তৌসিফের পরিচয় ক্যারিয়ারের শুরুর দিকের। রেদওয়ান রনির পরিচালনায় ‘ঝালমুড়ি’ ধারাবাহিক নাটকে একসঙ্গে অভিনয়ের মাধ্যমে তাঁদের পথচলা শুরু। পরবর্তী সময়ে একাধিক কাজে একসঙ্গে দেখা গেছে তাঁদের। কাজের সূত্রে তৈরি হওয়া সেই সম্পর্ক ধীরে ধীরে গড়ায় গভীর বন্ধুত্বে। প্রায় ১৩ বছর ধরে তাঁদের এই বন্ধুত্ব টিকে আছে।

ব্যস্ততার মধ্যেও এখনো নিয়মিত দেখা ও আড্ডা হয় দুই বন্ধুর। এর আগে তাঁদের বন্ধুত্ব নিয়ে জোভান বলেছিলেন, ব্যস্ততা যতই থাকুক, বন্ধুদের সঙ্গে মাঝেমধ্যে দেখা হওয়া জরুরি। একসঙ্গে হলে মন ভালো হয়ে যায়। আড্ডায় ক্যারিয়ার ও ব্যক্তিগত নানা বিষয় নিয়ে তাঁদের মধ্যে খুনসুটিও চলে।

এদিকে জোভানের সাম্প্রতিক পোস্টে ভক্তদের মন্তব্যেও দেখা গেছে সেই প্রতিদ্বন্দ্বিতার চিত্র। কেউ লিখেছেন, ‘জোভান ভাই আমার কাছে সেরা।’ বিপরীতে আরেকজন মন্তব্য করেছেন, ‘তৌসিফ ভাই সেরা।’ অর্থাৎ দুই তারকাকে ঘিরে ভক্তদের পছন্দের লড়াই থাকলেও সেটির প্রভাব তাঁদের ব্যক্তিগত সম্পর্কে নেই।

জোভানের পোস্টে এক ভক্তও মন্তব্য করেন, ফ্যানরা গ্রুপে বা পোস্টে ঝগড়া করলেও দিন শেষে তারকারা একসঙ্গে আড্ডা দেন। শেষ পর্যন্ত জোভানও ভক্তদের উদ্দেশে সেই বার্তাই দিয়েছেন—‘যুদ্ধটা আপনাদের, বন্ধুত্বটা আমাদের। ভালোবাসাটা আমাদের।’ তিনি আরও জানান, ভক্তরা যখন একে অপরের সঙ্গে প্রতিযোগিতায় নামেন, তখন তাঁরা প্রতিযোগী হয়েও একসঙ্গে আড্ডা দেন।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: