ছবি: সংগৃহীত
ছোটবেলা থেকেই গান, নাচ ও অভিনয়ের প্রতি গভীর আগ্রহ ছিল চলচ্চিত্র অভিনেত্রী নূতনের। ‘রূপবান’ সিনেমায় সুজাতার অভিনয় কিংবা ‘সাত ভাই চম্পা’তে কবরীর সৌন্দর্য ও অভিনয় তাঁকে এতটাই মুগ্ধ করেছিল যে প্রিয় অভিনেত্রীর মতো শাড়ি পরার ইচ্ছা জেগেছিল তাঁর মনে। কবরীর পরা শাড়ির মতো একই ধরনের শাড়ি কিনতে একসময় ৭ টাকা খরচ করেছিলেন নূতন।
জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-তে নিজের চলচ্চিত্রজীবন ও ব্যক্তিগত স্মৃতির নানা অজানা গল্প শেয়ার করেছেন নূতন। রুম্মান রশীদ খানের সঞ্চালনায় পডকাস্টটি আজ রাত ৯টায় মাছরাঙা টেলিভিশন ও রেডিও দিনরাত ৯৩.৬ এফএমে একযোগে প্রচারিত হওয়ার কথা রয়েছে। অনুষ্ঠানটি প্রযোজনা করছেন জেড আই ফয়সাল।
পডকাস্টে নূতন জানান, ছোটবেলায় চলচ্চিত্রের নায়িকাদের অভিনয় ও সৌন্দর্য তাঁকে গভীরভাবে প্রভাবিত করেছিল। বিশেষ করে ‘সাত ভাই চম্পা’ দেখে কবরীর প্রতি তাঁর মুগ্ধতা তৈরি হয়। কবরীর পরা শাড়ির মতো শাড়ি পাওয়ার জন্য তিনি এতটাই আগ্রহী হয়ে উঠেছিলেন যে শেষ পর্যন্ত তৎকালীন ৭ টাকা দিয়ে একটি শাড়ি কিনেছিলেন।
ফোক ফ্যান্টাসি ঘরানার সিনেমায় নিজের অভিজ্ঞতার কথাও জানিয়েছেন নূতন। একসময় এই ধারার সিনেমায় তিনি ছিলেন নিয়মিত ও জনপ্রিয় মুখ। অসংখ্য সাপের সিনেমায় অভিনয় করেছেন তিনি। এই ঘরানায় তাঁর প্রথম সিনেমা ছিল ‘রাজমহল’।
‘রাজমহল’-এর শুটিংয়ের একটি ঘটনাও স্মরণ করেছেন নূতন। সিনেমাটিতে জোড়া সাপ হাতে নিয়ে অভিনয় করতে গিয়ে মনের অজান্তে তিনি সাপ দুটির গলা চেপে ধরেছিলেন। এতে সাপ দুটির মৃত্যু হয় বলে জানিয়েছেন অভিনেত্রী। ঘটনাটি তাঁর অভিনয়জীবনের অন্যতম অদ্ভুত ও স্মরণীয় অভিজ্ঞতা হয়ে আছে।
নূতন আরও জানান, একসময় প্রয়াত নির্মাতা এহতেশাম তাঁকে ‘পীচ ঢালা পথ’ সিনেমায় অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন। তবে সে সময় তিনি সেই প্রস্তাবে রাজি হননি। পরে ‘নতুন প্রভাত’ সিনেমার মাধ্যমে নায়িকা হিসেবে চলচ্চিত্রে অভিষেক ঘটে তাঁর।
দীর্ঘ অভিনয়জীবনে নূতন বাংলা চলচ্চিত্রের নানা ঘরানায় কাজ করেছেন। বিশেষ করে ফোক ফ্যান্টাসি সিনেমায় তাঁর উপস্থিতি দর্শকদের কাছে আলাদা পরিচিতি তৈরি করেছিল। এবার নিজের ক্যারিয়ারের শুরুর দিনগুলোর এমন নানা অজানা গল্প ও স্মৃতি নিয়ে হাজির হয়েছেন তিনি ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ পডকাস্টে।