ছবি: সংগৃহীত
ক্যানসারের চিকিৎসার অংশ হিসেবে কেমোথেরাপি নিচ্ছেন অভিনেত্রী, মডেল ও উপস্থাপক সামিয়া আফরিন। চিকিৎসার পার্শ্বপ্রতিক্রিয়ায় চুল পড়ে যাওয়ার সম্ভাবনার কথা চিকিৎসকেরা আগেই জানিয়েছিলেন। এবার চিকিৎসার সেই পর্যায়ে এসে মাথার চুল ফেলে দিয়েছেন সামিয়া। নতুন রূপের ছবি ফেসবুকে প্রকাশ করে নিজের অনুভূতির কথা জানিয়েছেন তিনি।
সামিয়া লিখেছেন, জীবনে আবার কখনো মাথা পুরোপুরি ন্যাড়া হয়ে যাবে, তা ভাবেননি। ছোটবেলায় এমনটা হয়ে থাকলেও তখন বিষয়টি বোঝার মতো বয়স ছিল না। কিন্তু বড় হওয়ার পর বিশেষ কোনো কারণ ছাড়া এভাবে চুল হারানোর অভিজ্ঞতা তাঁর কাছে একেবারেই ভিন্ন।
নিজের পরিবর্তিত চেহারা নিয়ে ইতিবাচক থাকার কথা জানিয়েছেন সামিয়া। তাঁর উপলব্ধি, জীবনের সব পরিবর্তন মানুষের নিজের পছন্দ অনুযায়ী হয় না। কিছু বিষয় কঠিন হলেও সেগুলো মেনে নিয়ে আপন করে নিতে হয়। নিজের বর্তমান রূপকেও সেভাবেই গ্রহণ করছেন তিনি।
চুল থাকুক বা না থাকুক, সৌন্দর্য শুধু বাহ্যিক চেহারার মধ্যে সীমাবদ্ধ নয়—এমন বার্তাও দিয়েছেন সামিয়া। তাঁর মতে, নিজেকে নিজের মতো করে গ্রহণ করতে পারাই সৌন্দর্যের গুরুত্বপূর্ণ অংশ। ন্যাড়া মাথার এই চেহারাকে তিনি জীবনের একটি কঠিন সময়ের গল্প হিসেবে দেখছেন, যার সঙ্গে সাহস, গ্রহণযোগ্যতা ও নিজের প্রতি ভালোবাসার বিষয়টিও জড়িয়ে আছে।
আত্মবিশ্বাসের সঙ্গে নিজের নতুন রূপ গ্রহণ করে সামিয়া জানিয়েছেন, ন্যাড়া মাথায় নিজের এই চেহারা নিয়ে তাঁর কোনো সংকোচ নেই। একই সঙ্গে জীবনের প্রতিটি অবস্থার জন্য সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। এই কঠিন সময়ও একদিন কেটে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সামিয়া।
সামিয়া আফরিন দীর্ঘদিন ধরে ক্যানসারের চিকিৎসা নিচ্ছেন। ২০২২ সালের এপ্রিলের দিকে শারীরিক অস্বস্তি নিয়ে ঢাকার একটি হাসপাতালে পরীক্ষা করানোর পর তাঁর কোলন ক্যানসার শনাক্ত হয়। পরে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান তিনি। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসা শুরু হয়। দীর্ঘ চিকিৎসার পর শারীরিক অবস্থা স্থিতিশীল হলে স্বাভাবিক জীবনেও ফিরেছিলেন তিনি।
তবে পরবর্তী সময়ে আবারও তাঁর শরীরে ম্যালিগন্যান্ট টিউমার শনাক্ত হয়। চলতি বছরে পরীক্ষায় তাঁর ওভারিয়ান বা ডিম্বাশয়ের ক্যানসার ধরা পড়ে। অস্ত্রোপচারের পর বর্তমানে কেমোথেরাপি নিচ্ছেন সামিয়া। চিকিৎসার এই সময়েও নিজের অভিজ্ঞতা ও অনুভূতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করে নিচ্ছেন তিনি।