ছবি: সংগৃহীত
মা হওয়ার অপেক্ষায় দিন গুনছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। জীবনের নতুন এই অধ্যায়কে ঘিরে আনন্দ-উচ্ছ্বাসে সময় কাটাচ্ছেন তিনি। এরই মধ্যে কাছের মানুষ ও সহকর্মীদের নিয়ে ঘরোয়া আয়োজনে অনুষ্ঠিত হয়েছে তাঁর বেবি শাওয়ার।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে বেবি শাওয়ারের বেশ কিছু ছবি প্রকাশ করেন মৌসুমী। নিজের বাসার ছাদে আয়োজিত অনুষ্ঠানে প্রিয়জনদের সঙ্গে হাসি, আড্ডা ও আনন্দে সময় কাটাতে দেখা যায় হবু এই মাকে।
চলতি বছরের জুলাইয়ে একটি অনুষ্ঠানে হাজির হয়ে প্রথমবার মা হওয়ার সুখবর প্রকাশ্যে আনেন মৌসুমী হামিদ। এরপর থেকেই তাঁর মাতৃত্বের খবর নিয়ে ভক্তদের মধ্যে তৈরি হয় ব্যাপক আগ্রহ। এবার সেই আনন্দকে আরও স্মরণীয় করে তুলতেই আয়োজন করা হয় বেবি শাওয়ারের।
মৌসুমীর বেবি শাওয়ারের আয়োজনটি ছিল অনেকটা ঘরোয়া মিলনমেলার মতো। এতে তাঁর সহকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন অভিনেতা শ্যামল মাওলা, নাজিয়া হক অর্ষা, অহনা রহমান, নূর ইমরান মিঠু এবং গায়িকা ঐশীসহ আরও অনেকে।
কাছের মানুষদের সঙ্গে গল্প, আড্ডা ও আনন্দে সময় কাটান মৌসুমী। অনুষ্ঠানের বিভিন্ন মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর তাঁর ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা শুভেচ্ছা জানিয়েছেন।
বেবি শাওয়ারের আয়োজন শেষে স্বামী আবদুল ওয়াদুদের সঙ্গেও ছবি তুলেছেন অভিনেত্রী। ব্যবসার সঙ্গে যুক্ত আবদুল ওয়াদুদের সঙ্গে বিয়ের আগে দীর্ঘ ১৪ বছরের বন্ধুত্ব ছিল মৌসুমীর। বিভিন্ন বিষয়ে দুজনের মধ্যে মিল থাকায় শেষ পর্যন্ত বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বলে আগে জানিয়েছিলেন এই অভিনেত্রী।
অনুষ্ঠানটি প্রসঙ্গে মৌসুমী জানান, তাঁর মা হওয়ার আনন্দ কাছের মানুষদের সঙ্গে ভাগ করে নিতেই বন্ধুরা স্বল্প পরিসরে এই আয়োজন করেছিলেন। আয়োজনটি ছোট হওয়ায় অনেককেই আমন্ত্রণ জানানো সম্ভব হয়নি।
অতিথিদের আপ্যায়নে ছিল দেশীয় নানা খাবারের আয়োজন। মাছ, ভাতসহ বিভিন্ন পদের খাবার রাখা হয়েছিল অনুষ্ঠানে। ঘরোয়া পরিবেশে প্রিয়জনদের সঙ্গে আনন্দঘন সময় কাটানোর মধ্য দিয়ে স্মরণীয় হয়ে ওঠে মৌসুমীর বেবি শাওয়ার।
সবকিছু ঠিক থাকলে চলতি সেপ্টেম্বরেই মা হওয়ার কথা রয়েছে মৌসুমী হামিদের। জীবনের নতুন অধ্যায়ে পা রাখার আগে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চেয়েছেন তিনি।