মানুষের চেয়ে পশুকেই বেশি বিশ্বাস করেন মোনালি ঠাকুর

Pinky Saha Pinky Saha ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১০ PM BST ৩০ বার পঠিত
মানুষের চেয়ে পশুকেই বেশি বিশ্বাস করেন মোনালি ঠাকুর

ছবি: সংগৃহীত

ভারতের জনপ্রিয় গায়িকা ও অভিনেত্রী মোনালি ঠাকুর বলেছেন, মানুষের তুলনায় পশুকে বিশ্বাস করা তাঁর কাছে অনেক সহজ। জীবনের কঠিন সময়ে পশু ও প্রকৃতি থেকে পাওয়া ভালোবাসাই তাঁকে মানসিকভাবে শক্ত থাকতে সাহায্য করেছে বলেও জানিয়েছেন তিনি।

‘মোহ মোহ কে ধাগে’ গানটির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া মোনালি ঠাকুরের ব্যক্তিগত জীবন নিয়েও বিভিন্ন সময়ে আলোচনা হয়েছে। গত বছর তাঁর দাম্পত্য সম্পর্ক নিয়ে বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়েছিল। সে সময় তাঁর একটি আবেগঘন সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে মানসিক ও শারীরিক হেনস্থার ইঙ্গিত পাওয়া গেলেও সম্পর্কের বিষয়ে পরে আর প্রকাশ্যে বিস্তারিত কিছু বলেননি তিনি।

সম্প্রতি নিজের জীবন ও অভিজ্ঞতা নিয়ে কথা বলতে গিয়ে মানুষের প্রতি আস্থার বিষয়টি তুলে ধরেন মোনালি। তাঁর মতে, কঠিন সময়ে মানুষের চেয়ে পশু ও প্রকৃতির কাছ থেকেই তিনি বেশি আন্তরিকতা পেয়েছেন। সেই ভালোবাসার শক্তিতেই তিনি জীবনের প্রতিকূল সময় সামলে উঠতে পেরেছেন।

মোনালির কথায়, একই ধরনের বিষয় বারবার ঘটতে থাকায় এখন রিয়েলিটি শোতেও তাঁর আগ্রহ কমেছে। দীর্ঘদিন ধরে একই ধরনের ঘটনা ও উপস্থাপনা দেখতে দেখতে এতে নতুনত্ব খুঁজে পান না তিনি।

সংগীতের পাশাপাশি বর্তমানে পোশাকের ব্যবসাতেও যুক্ত হয়েছেন মোনালি। শাড়ির প্রতি নিজের ভালোবাসা থেকেই ‘ঠাকুরাইন’ নামে একটি পোশাক সংগ্রহ চালু করেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে এরই মধ্যে এই সংগ্রহ নিয়ে আগ্রহ তৈরি হয়েছে।

নিজের উদ্যোগ সম্পর্কে মোনালি জানিয়েছেন, ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্বের কাছে তুলে ধরার ইচ্ছা থেকেই তিনি এই কাজ শুরু করেছেন। তাঁর মতে, ভারতের বিভিন্ন শিল্পীর তৈরি শাড়ির নকশা ও কারুকাজের আন্তর্জাতিক পর্যায়ে যথেষ্ট সম্ভাবনা রয়েছে।

তবে এই ব্যবসাকে আপাতত আয়ের প্রধান উৎস হিসেবে দেখছেন না মোনালি। নিজের শখ ও ভালোবাসা থেকেই তিনি উদ্যোগটি নিয়েছেন। বিদেশ ভ্রমণের অভিজ্ঞতা থেকে ভারতীয় পণ্যের প্রতি বিশ্বের বিভিন্ন দেশের মানুষের আগ্রহ দেখেছেন বলেও জানিয়েছেন তিনি।

ব্যক্তিগত জীবনের নানা আলোচনা ও নেতিবাচকতার মধ্যেও মোনালি এখন নিজের মতো করে এগিয়ে যেতে চান। সংগীতের পাশাপাশি নতুন ব্যবসা ও সৃজনশীল কাজের মাধ্যমে নিজের জীবনকে নতুনভাবে সাজানোর দিকেই তাঁর মনোযোগ।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: