collected
ফরিদপুরের মধুখালীতে তিনটি কার্টনের ভেতর থেকে অজ্ঞাত এক ব্যক্তির খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার রায়পুর ইউনিয়নের বোয়ালিয়া বাসস্ট্যান্ডসংলগ্ন একটি কাঁচা সড়কের পাশের ঝোপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, মরদেহটি ছয়টি অংশে খণ্ডিত ছিল। দুই হাতের আঙুলও কেটে ফেলা হয়েছে। নিহত ব্যক্তি পুরুষ এবং তাঁর বয়স আনুমানিক ৫০ বছর। তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বোয়ালিয়া বাসস্ট্যান্ড থেকে প্রায় ২০০ গজ দূরে ঢাকা-খুলনা মহাসড়কসংলগ্ন একটি কাঁচা সড়কের পাশের ঝোপে তিনটি কার্টন পড়ে থাকতে দেখেন পথচারীরা। কার্টনগুলোর মুখ বাঁধা ছিল এবং সেগুলো থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। পরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানানো হয়।
খবর পেয়ে মধুখালী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে কার্টন তিনটি উদ্ধার করে। পরে সেগুলো খুলে বস্তাবন্দী অবস্থায় খণ্ডিত মরদেহ দেখতে পায় পুলিশ।
মরদেহ উদ্ধারের খবর পেয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও ক্রাইমসিন ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। তারা ঘটনাস্থল থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করেন।
মধুখালী থানার পরিদর্শক (তদন্ত) মারুফ হাসান জানান, মরদেহের খণ্ডিত অংশগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) এস এম মাসুদুজ্জামান বলেন, ঘটনাটির রহস্য উদ্ঘাটনে পুলিশের একাধিক দল কাজ শুরু করেছে।