Photo Collected
একসময় আর্জেন্টিনার রোজারিও থেকে বার্সেলোনায় এসে ফুটবল বিশ্বকে চমকে দিয়েছিলেন লিওনেল মেসি। সেই বিস্ময়বালকই পরবর্তী সময়ে বিশ্বকাপ জয়সহ ফুটবলের প্রায় সব বড় অর্জন নিজের করে নিয়েছেন। এবার তাঁর বাছাই করা ভবিষ্যতের ১০ ফুটবল প্রতিভাকে ঘিরে তৈরি হয়েছে নতুন আলোচনা। ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাডিডাসের ‘মেসি +১০’ প্রচারণার তৃতীয় মৌসুমে জায়গা পেয়েছেন বিশ্বের সাতজন তরুণ ও তিনজন নারী ফুটবলার।
তালিকায় সবচেয়ে আলোচিত নামগুলোর একটি আর্সেনালের ১৬ বছর বয়সী ইংলিশ প্রতিভা ম্যাক্স ডাউম্যান। আছেন মেক্সিকোর গিলবার্তো মোরা, যাঁকে দলে পেতে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের মতো ক্লাবের আগ্রহের খবরও এসেছে সংবাদমাধ্যমে। আর্জেন্টিনার বোকা জুনিয়র্সের তরুণ প্লেমেকার তোমাস আরান্দাও রয়েছেন এই তালিকায়। তবে ডান পায়ের ফিবুলা হাড় ভেঙে যাওয়ায় বর্তমানে চোট কাটিয়ে ফেরার অপেক্ষায় আছেন তিনি।
মেসির নির্বাচিত অন্য তরুণদের মধ্যে রয়েছেন তুরস্কের জান উজুন, স্পেনের হেসুস রদ্রিগেজ, নেদারল্যান্ডসের কেস স্মিত ও যুক্তরাষ্ট্রের জেভিয়ার গুজো। নারী ফুটবলে নির্বাচিত হয়েছেন ইংল্যান্ডের ক্লোয়ি সারয়, ব্রাজিলের জিওভান্না ওয়াকসমান এবং জার্মানির লোটা ফ্রিডে। ২০২৫ সালের জানুয়ারিতে শুরু হওয়া এই প্রচারণার প্রথম মৌসুমে নির্বাচিতদের মধ্যে ছিলেন বার্সেলোনার লামিনে ইয়ামাল। দ্বিতীয় মৌসুমে জায়গা পেয়েছিলেন নিকো পাজ, রিও এনগুমোহা ও আন্দ্রে সান্তোসের মতো প্রতিভারা।
তবে মেসির পছন্দের তালিকায় জায়গা পাওয়াই ভবিষ্যতের মহাতারকা হয়ে ওঠার নিশ্চয়তা নয়। প্রত্যাশার চাপ পেরিয়ে এই ১০ তরুণের মধ্যে কারা নিজেদের প্রতিভার স্বাক্ষর রাখতে পারবেন বিশ্ব ফুটবলে, তা জানতে অপেক্ষা করতে হবে সময়ের জন্য।