Photo Collected
বক্সের সামান্য বাইরে পছন্দের জায়গা থেকে ফ্রি-কিক পেয়েছিলেন লিওনেল মেসি। সুযোগটি কাজে লাগাতে ভুল করেননি আর্জেন্টাইন তারকা। তবে তাঁর দুর্দান্ত গোলও জয় এনে দিতে পারেনি ইন্টার মায়ামিকে। মেজর লিগ সকারে (এমএলএস) সান ডিয়েগো এফসির সঙ্গে ২-২ গোলে ড্র করেছে মায়ামি।
ম্যাচের ১২ মিনিটে আ্যান্ডার্স ড্রেয়ারের গোলে এগিয়ে যায় সান ডিয়েগো। ১২ মিনিট পরই ফ্রি-কিক থেকে মায়ামিকে সমতায় ফেরান মেসি। ডান প্রান্ত থেকে তাঁর নেওয়া শট কোনো খেলোয়াড়ের গায়ে না লেগে সরাসরি দূরের পোস্টের দিকে চলে যায়। গোলরক্ষক ঝাঁপিয়েও বল ঠেকাতে পারেননি।
এটি মেসির ক্যারিয়ারের ৭৫তম ফ্রি-কিক গোল। চলতি এমএলএস মৌসুমে এটি তাঁর ২০তম গোলও। এর চার দিন আগে ক্রুজ আজুলের বিপক্ষে গোল করে ইন্টার মায়ামির হয়ে ১০০ গোলের মাইলফলক স্পর্শ করেছিলেন তিনি।
দ্বিতীয়ার্ধে ৭৪ মিনিটে লুইস সুয়ারেজের গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় মায়ামি। তবে ৮২ মিনিটে আবারও গোল করেন ড্রেয়ার। তাঁর দ্বিতীয় গোলে সমতায় ফেরে সান ডিয়েগো এবং শেষ পর্যন্ত ২-২ গোলেই ম্যাচ শেষ হয়।
এই ড্রয়ে ২৬ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সে রয়েছে মায়ামি। ১২ জয়, ৪ হার ও ১০ ড্র নিয়ে দলটির হাতে নিয়মিত মৌসুমে আরও আট ম্যাচ রয়েছে। মায়ামির পরের ম্যাচ আগামী রোববার কলম্বাস ক্রুর বিপক্ষে।