মিরপুরে হকারদের সঙ্গে সংঘর্ষ: ম্যাজিস্ট্রেট-পুলিশের সমন্বয়ে ঘাটতি ছিল

Sharmin Sultana Sharmin Sultana ৩০ সেপ্টেম্বর ২০২৬, ৪:০৪ PM BST ঢাকা ২৭ বার পঠিত
মিরপুরে হকারদের সঙ্গে সংঘর্ষ: ম্যাজিস্ট্রেট-পুলিশের সমন্বয়ে ঘাটতি ছিল

collected

রাজধানীর মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হকারদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট ও পুলিশের মধ্যে প্রয়োজনীয় সমন্বয়ের ঘাটতি ছিল বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রাথমিকভাবে পাওয়া তথ্যে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট পুলিশের সঙ্গে সঠিকভাবে যোগাযোগ সম্পন্ন করেননি। এ কারণে উচ্ছেদ অভিযান পরিচালনার সময় সংশ্লিষ্টদের মধ্যে সমন্বয়ের ঘাটতি তৈরি হয়েছিল বলে মনে হয়েছে। তবে বিষয়টি বিস্তারিত তদন্ত করতে বলা হয়েছে।

এর আগে বুধবার সকালে মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হকারদের সঙ্গে প্রশাসনের সংঘর্ষ হয়। এ সময় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সিটি করপোরেশনের দুটি গাড়ি এবং পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার অভিযোগ ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারসেল নিক্ষেপ করে।

সংঘর্ষের পর মিরপুর-১০ থেকে মিরপুর-১৪ পর্যন্ত যান চলাচল ব্যাহত হয়। ঘটনাস্থলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নেন। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ইউনিটগুলোও কাজ করে।

মিরপুরের ঘটনাসহ দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জননিরাপত্তা নিশ্চিত করা এবং সামাজিক শান্তি বজায় রাখতে সরকার কাজ করছে। তিনি বলেন, দুয়েকটি বিচ্ছিন্ন ঘটনাকে সামনে রেখে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন করা ঠিক হবে না।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, মিরপুরের ঘটনার প্রকৃত কারণ ও সংশ্লিষ্টদের ভূমিকা তদন্তের মাধ্যমে খতিয়ে দেখা হবে। জননিরাপত্তা নিশ্চিত করা এবং সমাজে শান্তি বজায় রাখতে সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: