এবারের মিস ওয়ার্ল্ডের মুকুট জিতেছেন ডমিনিকান রিপাবলিকের প্রতিযোগী জোহেইরি মোলা দোমিঙ্গেস। ১১১টি দেশের প্রতিযোগীকে পেছনে ফেলে বিশ্বসুন্দরীর খেতাব অর্জন করেন তিনি। এর আগে ‘মিস ওয়ার্ল্ড ডমিনিকান রিপাবলিক-২০২৫’ প্রতিযোগিতায় জয়ী হয়ে বিশ্বমঞ্চে অংশ নেওয়ার সুযোগ পান জোহেইরি মোলা।
শুধু সৌন্দর্য নয়, বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গেও যুক্ত এই বিশ্বসুন্দরী। তিনি শিক্ষক, সাংবাদিক, সমাজকর্মী ও মডেল হিসেবে কাজ করেছেন। ‘ভয়েস অব টুমোরো’ নামে তাঁর একটি উদ্যোগ রয়েছে। এর মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশু ও তরুণদের ইংরেজি শেখানোর পাশাপাশি আত্মবিশ্বাস বাড়ানো এবং ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় দক্ষতা তৈরিতে সহায়তা করা হয়।
এবারের মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন স্পেনের এলিসাবেথ রেইনেস। দ্বিতীয় রানারআপ হয়েছেন মালয়েশিয়ার তানুসিয়া চেট্টি। প্রতিযোগীদের কয়েকটি ধাপে মূল্যায়ন করা হয়। এর মধ্যে ছিল বিভিন্ন প্রাথমিক চ্যালেঞ্জ, রুদ্ধদ্বার সাক্ষাৎকার এবং মঞ্চে সরাসরি অনুষ্ঠিত বিভিন্ন পর্ব।
এবারের মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার আয়োজন করা হয় ভিয়েতনামে। এবারের আসরে প্রথমবারের মতো ফ্রেঞ্চ গায়ানা, ইরিত্রিয়া, মোজাম্বিক, পাকিস্তান ও মালদ্বীপের প্রতিযোগীরা অংশ নেন। অন্যদিকে ইকুয়েডরের সামান্থা কুয়েনেদিত, আর্মেনিয়ার মনিকা হারুতজুনজান এবং টোগোর নাদিরাতু আফোলাবি প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ান।
প্রতিযোগীদের চারটি মহাদেশীয় অঞ্চলে ভাগ করে মূল্যায়ন করা হয়—আফ্রিকা, আমেরিকা ও ক্যারিবীয়, ইউরোপ এবং এশিয়া ও ওশেনিয়া। বাংলাদেশের হয়ে এবারের প্রতিযোগিতায় অংশ নেন সামানজার সাঈদ। ‘বিউটি উইথ অ্যা পারপাস’ পর্বে তিনি প্রাথমিকভাবে নিজ মহাদেশের সেরা ছয়ে জায়গা করে নিয়েছিলেন। তবে চূড়ান্ত পর্বে সেরা ৪০ প্রতিযোগীর তালিকায় জায়গা করে নিতে পারেননি।
জোহেইরি মোলার বিজয়ের মধ্য দিয়ে ডমিনিকান রিপাবলিকের জন্য মিস ওয়ার্ল্ডের মুকুটে যোগ হলো নতুন অধ্যায়। সৌন্দর্যের পাশাপাশি শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে তাঁর সম্পৃক্ততাও এবারের বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় তাঁকে আলাদা পরিচিতি দিয়েছে।