Photo Collected
মিয়ানমারকে হারিয়েই সর্বশেষ এশিয়া কাপে খেলার সুযোগ পেয়েছিল বাংলাদেশের মেয়েরা। এবার সেই মিয়ানমারের বিপক্ষেই এশিয়ান গেমসে টিকে থাকার লড়াইয়ে নেমেছিল ঋতুপর্ণা চাকমা-আফঈদা খন্দকাররা। তবে জয় তো দূরের কথা, গোলও করতে পারেনি বাংলাদেশ। গোলশূন্য ড্রয়ে শেষ হয়েছে তাদের এশিয়ান গেমস অভিযান।
জাপানের ওসাকার নাগাই স্টেডিয়ামে শুরু থেকেই সমানে-সমানে লড়াই করেছে দুই দল। বল দখলে সামান্য এগিয়ে ছিল মিয়ানমার—৫২ শতাংশ। বাংলাদেশের দখলে ছিল ৪৮ শতাংশ।
তবে আক্রমণে মিয়ানমারই ছিল এগিয়ে। বাংলাদেশ তিনটি শট নিলেও একটিও ছিল না গোলমুখে। বিপরীতে মিয়ানমার আটটি শট নেয়, যার দুটি ছিল লক্ষ্যে। শেষ পর্যন্ত বাংলাদেশের গোলরক্ষক রুপনা চাকমার দৃঢ়তায় গোলশূন্য ড্র নিয়েই মাঠ ছাড়ে দল। ৭৭ মিনিটে নিশ্চিত গোল বাঁচিয়ে বাংলাদেশকে বড় বিপদ থেকে রক্ষা করেন তিনি। ম্যাচে আরও একটি গুরুত্বপূর্ণ সেভও করেন রুপনা।
এশিয়ান গেমসে বাংলাদেশের বিদায়ের ভিত্তি অবশ্য তৈরি হয়েছিল প্রথম দুই ম্যাচেই। শুরুতে উত্তর কোরিয়ার কাছে ১০-০ গোলে হারের পর দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৬-০ ব্যবধানে হারে বাংলাদেশ।
এরপরও কাগজে-কলমে শেষ আটে যাওয়ার সুযোগ ছিল। সে জন্য মিয়ানমারের বিপক্ষে জয় ছিল অপরিহার্য। এরপর অন্য প্রতিদ্বন্দ্বীদের ম্যাচ ড্র হওয়ার অপেক্ষায় থাকতে হতো। কিন্তু নিজেদের ম্যাচেই জয় তুলে নিতে না পারায় শেষ হলো বাংলাদেশের এশিয়ান গেমসের পথচলা।