মৌলভীবাজারে এসপি-ওসি পরিচয়ে হোয়াটসঅ্যাপে চাঁদা দাবি, পুলিশের সতর্কতা

Sharmin Sultana Sharmin Sultana ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১:৩৫ PM BST সিলেট ২৯ বার পঠিত
মৌলভীবাজারে এসপি-ওসি পরিচয়ে হোয়াটসঅ্যাপে চাঁদা দাবি, পুলিশের সতর্কতা

collected

মৌলভীবাজারে জেলা পুলিশ সুপার (এসপি) ও বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিচয়ে হোয়াটসঅ্যাপে ব্যবসায়ী ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের কাছে চাঁদা দাবি করার অভিযোগ উঠেছে। পুলিশ বক্স স্থাপনে সহায়তা কিংবা পুলিশের বিভিন্ন কার্যক্রমের কথা উল্লেখ করে অর্থ চাওয়া হচ্ছে বলে জানিয়েছে জেলা পুলিশ।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় মৌলভীবাজার জেলা পুলিশের মিডিয়া সেল থেকে এ বিষয়ে সতর্ক করা হয়।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি জেলার একাধিক ব্যবসায়ী ও বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্থ দাবি করা হয়েছে। এসব বার্তায় কখনো পুলিশ বক্স স্থাপনে সহায়তার কথা বলা হচ্ছে, আবার কখনো পুলিশের বিভিন্ন কার্যক্রমের কথা উল্লেখ করে টাকা চাওয়া হচ্ছে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, প্রতারকরা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও থানার ওসিদের নাম, ছবি ও পরিচয় ব্যবহার করছে। পুলিশের ধারণা, সংঘবদ্ধ একটি চক্র পরিকল্পিতভাবে কর্মকর্তাদের পরিচয় নকল করে এসব প্রতারণা করছে।

চক্রটির সদস্যদের শনাক্ত করতে কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ। জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও চলমান রয়েছে।

এ ধরনের প্রতারণা থেকে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের সতর্ক করতে জেলা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, পুলিশ বা প্রশাসনের কোনো কর্মকর্তা পরিচয়ে হোয়াটসঅ্যাপ, ফোনকল কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ অর্থ বা চাঁদা দাবি করলে কোনোভাবেই টাকা পাঠানো যাবে না।

এমন কোনো বার্তা বা কল পেলে সংশ্লিষ্ট থানার ওসি অথবা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে পরিচয় নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে।

পুলিশ আরও জানিয়েছে, প্রতারণামূলক কোনো বার্তা পাওয়া গেলে হোয়াটসঅ্যাপের স্ক্রিনশট, ব্যবহৃত ফোন নম্বরসহ প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ করা উচিত। কেউ ইতোমধ্যে প্রতারণার শিকার হয়ে থাকলে বা এ ধরনের কোনো বার্তা পেলে দ্রুত নিকটস্থ থানায় যোগাযোগ করে অভিযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

জেলা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, কর্মকর্তাদের নাম, ছবি বা পদবি ব্যবহার করলেই কোনো ব্যক্তিকে প্রকৃত কর্মকর্তা হিসেবে ধরে নেওয়া যাবে না। যেকোনো আর্থিক লেনদেনের আগে সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয় ও দাবির সত্যতা যাচাই করতে হবে।

বিভ্রান্তিকর বার্তায় সাড়া না দিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে মৌলভীবাজার জেলা পুলিশ।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: