Photo Collected
‘প্রথম আলো–স্টার নিউজ নারী ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর অফিশিয়াল থিম সংয়ে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী ফাতিমা তুয যাহরা ঐশী। গীতিকার কবির বকুলের কথায় গানটির সুর করেছেন আদিব কবির। সম্প্রতি রাজধানীর একটি স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে।
গানটির কথায় নারী ফুটবলারদের স্বপ্ন, লড়াই ও সাফল্যের আকাঙ্ক্ষা তুলে ধরা হয়েছে। ‘লড়াকু নারীর চোখে স্বপ্ন/ আগামীর বিশ্ব জয়/ গোল গোল গোল হবে নিশ্চয়’—এমন কথায় সাজানো হয়েছে গানটি।
গানটির প্রস্তাব পাওয়ার পরই রাজি হয়ে যান বলে জানিয়েছেন ঐশী। তিনি বলেন, গানটি তাঁর খুব পছন্দ হয়েছে। নারী ফুটবলারদের অনুপ্রাণিত করার ক্ষেত্রে গানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও মনে করেন এই সংগীতশিল্পী।
আয়োজকদের তথ্য অনুযায়ী, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ওয়ান স্টার তালিকাভুক্ত সম্ভাব্য ৩৭টি নারী ফুটবল একাডেমিকে নিয়ে প্রথমবারের মতো এই টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে।
রংপুর, রাজশাহী, খুলনা, সিলেট, চট্টগ্রাম ও ঢাকা—এই ছয় অঞ্চল থেকে আটটি দল প্রতিযোগিতায় অংশ নেবে। আগামী অক্টোবরের তৃতীয় সপ্তাহে ঢাকায় অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল।
আয়োজকেরা জানিয়েছেন, টুর্নামেন্টের নিবন্ধন কার্যক্রমসহ ফুটবল ম্যাচ চলাকালে ঐশীর কণ্ঠে গাওয়া থিম সংটি বাজানো হবে। নারী ফুটবলারদের উৎসাহিত করা এবং প্রতিযোগিতার আবহ তৈরি করতেই গানটিকে বিশেষভাবে সামনে রাখা হচ্ছে।