ছবি: সংগৃহীত
দীর্ঘ সংগীতজীবনে মঞ্চ, টেলিভিশন ও প্লেব্যাকে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন সামিনা চৌধুরী। এবার গানের পাশাপাশি নতুন প্রজন্মকে সংগীত শেখানোর উদ্যোগ নিয়েছেন এই কণ্ঠশিল্পী। সংগীত শিক্ষার্থীদের শুদ্ধভাবে গান শেখানো ও সঠিক দিকনির্দেশনা দেওয়ার লক্ষ্যেই গড়ে তুলছেন ‘সামিনাস একাডেমি অব মিউজিক’ (এসএএম)।
সবকিছু ঠিক থাকলে চলতি বছরেই একাডেমিটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। এর আগে আগামী ২২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে যাবেন সামিনা। সেখানে প্রায় দুই মাস অবস্থানের পর দেশে ফিরে একাডেমির আনুষঙ্গিক কাজ শেষ করবেন তিনি। এরপর আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরুর ঘোষণা দেওয়া হবে।
একাডেমি নিয়ে সামিনা জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই অনেকে তাঁকে গান শেখানোর জন্য অনুরোধ করছিলেন। তাঁর স্বামী অনুষ্ঠান নির্মাতা ইজাজ খান স্বপনও একটি সংগীত একাডেমি প্রতিষ্ঠার পরামর্শ দিয়ে আসছিলেন। সেই ভাবনা থেকেই এবার উদ্যোগটি বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
‘সামিনাস একাডেমি অব মিউজিক’-এর কার্যক্রম মূলত অনলাইনভিত্তিক হবে। তবে সরাসরি শেখার ব্যবস্থাও থাকবে। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র—দুই জায়গা থেকেই শিক্ষার্থীরা সরাসরি সংগীত শেখার সুযোগ পাবেন। অনলাইন ক্লাসের মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা আগ্রহীরাও যুক্ত হতে পারবেন।
বর্তমানে ইউটিউব, সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে গান শেখার নানা টিউটোরিয়াল পাওয়া যায়। তবে শুধু ভিডিও দেখে অনুশীলন করাই যথেষ্ট নয় বলে মনে করেন সামিনা। তাঁর মতে, একজন অভিজ্ঞ শিল্পীর নিয়মিত দিকনির্দেশনা, ভুল শুধরে দেওয়া এবং শিক্ষার্থীর কণ্ঠ অনুযায়ী অনুশীলনের পরামর্শ সংগীত শেখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।
প্রাথমিকভাবে একাডেমিতে সংগীতের মৌলিক বিষয়গুলোর ওপর গুরুত্ব দেওয়া হবে। কণ্ঠের সঠিক ব্যবহার, সুর ও তাল, উচ্চারণ, গানের আবেগ, পরিবেশনাসহ সংগীতচর্চার প্রয়োজনীয় বিভিন্ন দিক শেখানো হবে। বয়স কিংবা ভৌগোলিক অবস্থান যেন শেখার পথে বাধা না হয়, সে কারণে অনলাইন শিক্ষাব্যবস্থাকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
গানের সঙ্গে সামিনার সম্পর্ক পারিবারিকভাবেই তৈরি। কিংবদন্তি সংগীতশিল্পী মাহমুদুন্নাবীর কন্যা হিসেবে ছোটবেলা থেকেই সংগীতের পরিবেশে বেড়ে উঠেছেন তিনি। বাবার কাছেই সংগীতে হাতেখড়ি তাঁর। দীর্ঘদিনের চর্চা ও নিজস্ব গায়কির মাধ্যমে পরবর্তী সময়ে বাংলা গানের জগতে নিজের আলাদা পরিচয় তৈরি করেছেন সামিনা।
এর আগে বাবার স্মৃতি ধারণ করে একটি সংগীত শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার ইচ্ছার কথাও জানিয়েছিলেন তিনি। এবার সেই ভাবনাই ‘সামিনাস একাডেমি অব মিউজিক’-এর মাধ্যমে নতুন পরিসর পাচ্ছে। তাঁর পরিকল্পনায় এটি শুধু নিজের নামে একটি প্রতিষ্ঠান নয়, বরং নিয়মিত সংগীত শেখা ও চর্চার একটি প্ল্যাটফর্ম হিসেবে গড়ে উঠবে।
একাডেমির প্রস্তুতির পাশাপাশি নিজের গানের কাজও চালিয়ে যাচ্ছেন সামিনা। সম্প্রতি তাঁর কণ্ঠে নতুন একটি গানের রেকর্ডিং শেষ হয়েছে। গানটির কথা লিখেছেন ফারুক আনোয়ার এবং সুর করেছেন সম্রাট আহমেদ।
নতুন গানটি নিয়ে সামিনা জানিয়েছেন, গানটির কথা ও সুর দুটিই তাঁর ভালো লেগেছে। ‘যারা যেতে চায়, তাদের চলে যেতে দাও, তারা তোমার না’—এমন ভাবনার কথাগুলো তাঁকে আকৃষ্ট করেছে। শ্রোতারাও গানটি পছন্দ করবেন বলে আশাবাদী তিনি।
নিজের গান, নিয়মিত সংগীতচর্চা এবং নতুন প্রজন্মকে শেখানোর প্রস্তুতি—সব মিলিয়ে ব্যস্ত সময় পার করছেন সামিনা চৌধুরী। দীর্ঘদিনের সংগীতজীবনে অর্জিত অভিজ্ঞতা এবার প্রাতিষ্ঠানিকভাবে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে চান এই শিল্পী।