ছবি: সংগৃহীত
গত কয়েক বছর ধরে নিয়মিত গান প্রকাশ করছেন সংগীতশিল্পী তামিম ইসলাম। সম্প্রতি কয়েকটি দ্বৈত গান প্রকাশের মাধ্যমে শ্রোতাদের মধ্যে আলোচনায় আসেন তিনি। কণ্ঠশিল্পী কনার সঙ্গে ‘ঠোঁটপেন্সিল’, নিশ্চুপ বৃষ্টির সঙ্গে ‘ঘুম ঘুম চোখ’, নদীর সঙ্গে ‘মিশে আছি দুজনেই’ এবং আতিয়া আনিসার সঙ্গে ‘অবহেলা’র পর এবার অবন্তী সিঁথির সঙ্গে নতুন দ্বৈত গান ‘প্রিয় কবিতা’ প্রকাশ করেছেন তামিম।
গানটির কথা লিখেছেন তারেক আনন্দ। এর সুর ও সংগীত পরিচালনা করেছেন তামিম ইসলাম নিজেই। গানটি তাঁর ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে।
নতুন গান প্রসঙ্গে তামিম ইসলাম বলেন, প্রকাশিত গানগুলোর জন্য শ্রোতাদের কাছ থেকে ভালোবাসা ও প্রশংসা পাচ্ছেন তিনি। অবন্তী সিঁথির সঙ্গে গান গাওয়ার অভিজ্ঞতা প্রসঙ্গে তামিম বলেন, নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন। অবন্তীর চমৎকার গায়কির সঙ্গে তাঁর কণ্ঠের সমন্বয়ে গানটি শ্রোতাদের ভালো লাগবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
সংগীতচর্চার পাশাপাশি প্রাতিষ্ঠানিকভাবেও নিজেকে প্রস্তুত করছেন তামিম। ছায়ানট থেকে নজরুলসংগীতের কোর্স সম্পন্ন করেছেন তিনি। সংগীত নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে তামিম জানিয়েছেন, নিয়মিত গান করে যেতে চান। তাঁর নিজের একটি স্টুডিওও রয়েছে, যেখানে সংগীতের বিভিন্ন কাজ করছেন তিনি।
তামিম জানান, নিজের সুরে এ পর্যন্ত প্রায় ৪০টি গান করেছেন। সব মিলিয়ে তাঁর প্রকাশিত গানের সংখ্যা প্রায় ৭০টি। নিয়মিত গান প্রকাশের পাশাপাশি সংগীতে নিজের অবস্থান আরও শক্ত করতে চান এই শিল্পী। ভবিষ্যতে প্লেব্যাক সিঙ্গার হিসেবেও প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন রয়েছে তাঁর।
নিজের সংগীতজ্ঞান আরও সমৃদ্ধ করতে ছায়ানটের উচ্চাঙ্গসংগীতের কোর্সেও ভর্তি হয়েছেন তামিম। গান প্রকাশ, সুর ও সংগীত পরিচালনার পাশাপাশি সংগীতের বিভিন্ন ধারায় দক্ষতা বাড়ানোর মাধ্যমে দীর্ঘমেয়াদে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান তিনি।