অনাগত সন্তানের ডাকনাম ঠিক করে ফেলেছেন সোহিনীর স্বামী

Pinky Saha Pinky Saha ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৫:৩৫ PM BST ৩৬ বার পঠিত
অনাগত সন্তানের ডাকনাম ঠিক করে ফেলেছেন সোহিনীর স্বামী

ছবি: সংগৃহীত

অভিনেত্রী সোহিনী সরকার এখন জীবনের নতুন এক অধ্যায়ের অপেক্ষায়। গত জুলাইয়ে দ্বিতীয় বিবাহবার্ষিকীতে মা হতে যাওয়ার সুখবর দিয়েছিলেন তিনি। এরপর থেকেই অন্তঃসত্ত্বা সোহিনীর ব্যক্তিগত জীবন ও অনাগত সন্তানকে ঘিরে অনুরাগীদের আগ্রহ বেড়েছে। এবার জানা গেল, সন্তান জন্মের আগেই তার ডাকনামও ঠিক করে ফেলেছেন সোহিনীর স্বামী শোভন।

বর্তমানে আট মাসের অন্তঃসত্ত্বা সোহিনী। তবে গর্ভাবস্থার এই সময়েও কাজ থেকে নিজেকে পুরোপুরি সরিয়ে নেননি তিনি। নতুন সিনেমা ‘বেগুনি রঙের আলো’র প্রচারে তাকে দেখা যাচ্ছে হাসিমুখে। মানসী সিনহা পরিচালিত সিনেমাটির প্রচারে এসে মাতৃত্বের অভিজ্ঞতার পাশাপাশি অনাগত সন্তানকে ঘিরে নানা মজার কথাও শেয়ার করেছেন অভিনেত্রী।

সোহিনী জানান, শোভন আপাতত তাদের অনাগত সন্তানকে ‘টুল’ নামে ডাকতে চান। নামটি শুনে প্রথমে কিছুটা অবাকই হয়েছিলেন তিনি। কারণ, সন্তানের ডাকনাম হিসেবে এমন নাম খুব একটা প্রচলিত নয়। বিষয়টি শুনে প্রচারণায় উপস্থিত অন্যরাও হাসিতে মেতে ওঠেন।

তবে শোভনের কাছে ‘টুল’ নামটির পেছনে রয়েছে বিশেষ একটি ভাবনা। সোহিনীর ভাষ্য, শোভনের যুক্তি হলো—টুল বা ছোট স্টুলের ওপর ভর করে উঁচুতে ওঠা যায়। সেই ভাবনা থেকেই অনাগত সন্তানের জন্য ‘টুল’ নামটি বেছে নিয়েছেন তিনি।

স্বামীর এমন যুক্তির পালটা মজাও করেছেন সোহিনী। অভিনেত্রীর প্রশ্ন, যদি কোনো কিছুর ওপর ভর করে ওপরে ওঠার বিষয়টিই বিবেচনা করা হয়, তাহলে মই কিংবা সিঁড়িও তো হতে পারে! পুরো বিষয়টি নিয়ে রসিকতায় যোগ দেন পরিচালক মানসী সিনহাও। মজা করে তিনি বলেন, এর চেয়ে ছোট নাম আর খুঁজে পাওয়া সম্ভব ছিল না।

সোহিনীও অবশ্য সেখানেই থেমে থাকেননি। হাসতে হাসতে জানান, অনাগত সন্তান মেয়ে হলে হয়তো ‘টুল’ নামটি বদলে ‘টুলি’ হয়ে যেতে পারে।

সন্তান জন্মের আগেই তাকে ঘিরে স্বামী-স্ত্রীর এমন মজার পরিকল্পনার পাশাপাশি পরিবারের একজনকে নিয়েও কিছুটা চিন্তায় রয়েছেন সোহিনী। তিনি জানান, শোভনের দাদী সন্তান জন্মের আগে তাকে নিয়ে প্রকাশ্যে আলোচনা করা একেবারেই পছন্দ করেন না। তাই বউমা সোহিনী এসব কথা প্রকাশ্যে বলেছেন জানতে পারলে তার প্রতিক্রিয়া কী হবে, তা নিয়ে খানিকটা চিন্তিত অভিনেত্রী।

এর আগে দ্বিতীয় বিবাহবার্ষিকীতে সোহিনীর বেবি বাম্পে হাত রেখে শোভনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেই ছবির মাধ্যমেই তারা বাবা-মা হতে যাওয়ার সুখবর ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন।

এখন নতুন অতিথির অপেক্ষায় দিন গুনছেন সোহিনী ও শোভন। সন্তানের আসল নাম কী হবে, সেটি অবশ্য এখনও জানা যায়নি। আপাতত মজার ডাকনাম ‘টুল’ নিয়েই পরিবারের আনন্দের মুহূর্ত কাটছে।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: