অর্থ পাচার শনাক্তে ব্যর্থতা, ব্যাংক অব আমেরিকাকে ১২০ কোটি ডলার জরিমানা

Pinky Saha Pinky Saha ১৪ অক্টোবর ২০২৬, ১:৫০ PM BST ৪৬ বার পঠিত
অর্থ পাচার শনাক্তে ব্যর্থতা, ব্যাংক অব আমেরিকাকে ১২০ কোটি ডলার জরিমানা

ছবি: সংগৃহীত

সন্দেহজনক আর্থিক লেনদেন শনাক্ত এবং তা সরকারকে জানাতে ব্যর্থ হওয়ায় যুক্তরাষ্ট্রের ব্যাংক অব আমেরিকাকে ১২০ কোটি ডলার জরিমানা করা হয়েছে। যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের ইতিহাসে এটি তৃতীয় সর্বোচ্চ জরিমানা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১৩ অক্টোবর) মার্কিন অর্থ মন্ত্রণালয় জানায়, ব্যাংকটি ৫ বিলিয়ন ডলারের বেশি অর্থের সন্দেহজনক লেনদেনের তথ্য সরকারকে জানাতে ব্যর্থ হয়েছে। এসব লেনদেনের মধ্যে প্রায় ১ বিলিয়ন ডলারের লেনদেন জাতীয় নিরাপত্তা ও অবৈধ অর্থায়নের ঝুঁকি তৈরি করেছিল বলে উল্লেখ করা হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সন্দেহজনক লেনদেন শনাক্তে ব্যর্থতার মধ্যে এমন কিছু লেনদেনও রয়েছে, যেগুলো চীনা অর্থ পাচারকারী নেটওয়ার্কের সঙ্গে যুক্ত থাকতে পারে অথবা যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিম সীমান্ত দিয়ে অর্থ পাচারের সঙ্গে সম্পর্কিত হতে পারে।

এদিকে ব্যাংক অব আমেরিকা জানিয়েছে, নিয়ন্ত্রক সংস্থাগুলোর উত্থাপিত সমস্যাগুলো সমাধানে তারা প্রয়োজনীয় সংশোধনমূলক পদক্ষেপ নিচ্ছে। তৃতীয় প্রান্তিকের আর্থিক ফলাফলে ১.২ বিলিয়ন ডলারের কর-অযোগ্য ব্যয় অন্তর্ভুক্ত হবে বলেও জানিয়েছে ব্যাংকটি। এর ফলে নিট আয়ে শেয়ারপ্রতি প্রায় ১৭ সেন্ট প্রভাব পড়বে।

যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, বড় কোনো ব্যাংক অর্থ পাচার প্রতিরোধ ও নিষেধাজ্ঞাসংক্রান্ত বাধ্যবাধকতা পূরণে ব্যর্থ হলে তার প্রভাব শুধু ওই প্রতিষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ থাকে না; বরং পুরো মার্কিন আর্থিক ব্যবস্থা অবৈধ অর্থায়নের ঝুঁকিতে পড়ে। বুধবার ব্যাংকটির ত্রৈমাসিক আর্থিক ফলাফল প্রকাশের আগেই জরিমানার এ ঘোষণা আসে।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: