পোশাক নয়, আলোকচিত্রীদের আচরণে অস্বস্তি: ঐশ্বরিয়া লক্ষ্মী

Pinky Saha Pinky Saha ১৩ সেপ্টেম্বর ২০২৬, ৫:১২ PM BST ২৯ বার পঠিত
পোশাক নয়, আলোকচিত্রীদের আচরণে অস্বস্তি: ঐশ্বরিয়া লক্ষ্মী

ছবি: সংগৃহীত

পোশাক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার জবাব দিয়েছেন দক্ষিণি সিনেমার অভিনেত্রী ঐশ্বরিয়া লক্ষ্মী। গত মে মাসে একটি হীরার গয়নার প্রদর্শনীতে তাঁর পরা পোশাক নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনেকে। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, পোশাকের কারণে নয়, অনুষ্ঠানে আলোকচিত্রীদের আচরণেই তিনি অস্বস্তি বোধ করেছিলেন।

রাজিনি হরিদাসকে দেওয়া সাক্ষাৎকারে ঐশ্বরিয়া বলেন, অনুষ্ঠানে আলোকচিত্রীদের কেউ কেউ তাঁর মুখের দিকে মনোযোগ না দিয়ে বিভিন্ন আপত্তিকর কোণ থেকে ছবি তুলছিলেন। এতে তাঁর ব্যক্তিগত সীমারেখা লঙ্ঘিত হয়েছে বলে মনে হয়েছিল। তাঁর ভাষ্য, অস্বস্তির প্রভাব স্বাভাবিকভাবেই শরীরী ভাষায়ও প্রকাশ পেয়েছিল।

অনুষ্ঠানের পর ঐশ্বরিয়ার অস্বস্তির ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে অনেকেই এর কারণ হিসেবে তাঁর পোশাককে দায়ী করেন। কেউ কেউ প্রশ্ন তোলেন, পোশাকটি অস্বস্তিকর হলে তিনি সেটি পরেছিলেন কেন।

এসব মন্তব্যের জবাবে ঐশ্বরিয়া প্রশ্ন তোলেন, নারীর পোশাকের নির্দিষ্ট অংশ নিয়ে এত আলোচনা কেন হবে। তাঁর মতে, সংস্কৃতিকে শুধু নারীর পোশাক বা শরীরের কোনো নির্দিষ্ট অংশ দিয়ে বিচার করা উচিত নয়। মানুষের আচরণ ও অন্যের প্রতি সম্মান দেখানোর মধ্যেও সংস্কৃতির প্রকাশ ঘটে।

অভিনেত্রী আরও বলেন, নারীদের উদ্দেশে আপত্তিকর মন্তব্য করা কিংবা তাঁদের অস্বস্তিতে ফেলার বিষয়গুলো নিয়ে তুলনামূলকভাবে কম আলোচনা হয়। অথচ একজন নারী কী পরছেন, তাঁর পোশাক কতটা শরীর ঢাকছে—এসব নিয়ে দ্রুত সমালোচনা শুরু হয়ে যায়।

শুরুতে সামাজিক যোগাযোগমাধ্যমের ট্রলকে খুব একটা গুরুত্ব দেননি ঐশ্বরিয়া। তাঁর কথায়, প্রথম ২৪ ঘণ্টা বিষয়টি নিয়ে তিনি হেসেছেন। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে আলোচনা যেভাবে বাড়তে থাকে, তাতে তিনি বিস্মিত হন। তাঁর প্রশ্ন, সমাজের গুরুত্বপূর্ণ নানা সমস্যা নিয়ে আলোচনা না করে ব্যক্তিগত পোশাক নিয়ে এত তীব্র বিতর্ক কেন তৈরি হয়।

এর কয়েক সপ্তাহ আগে একই ধরনের বিতর্কে জড়িয়েছিলেন বলিউড অভিনেত্রী কৃতি শ্যাননও। একটি গয়না প্রতিষ্ঠানের রক্ষাবন্ধনের বিজ্ঞাপনে তাঁর পোশাক নিয়ে সমালোচনা হয়েছিল। পরে বিজ্ঞাপনটি সরিয়ে নেয় প্রতিষ্ঠানটি। সে সময় কৃতিও বলেছিলেন, একজন নারীর সংস্কৃতির প্রতি সম্মান কেবল তাঁর পোশাক দিয়ে বিচার করা উচিত নয়।

চিকিৎসা পেশা ছেড়ে অভিনয়ে আসেন ঐশ্বরিয়া লক্ষ্মী। ২০১৭ সালে মালয়ালম সিনেমা ‘নজান্ডুকালুডে নাট্টিল ওরিদাভেলা’ দিয়ে অভিনয়ে অভিষেক হয় তাঁর। ‘মায়ানাধি’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে ব্যাপক পরিচিতি পান তিনি। এরপর ‘ভারাথান’, ‘আম্মু’, ‘কুমারী’ ও ‘গাটা কুস্তি’সহ বিভিন্ন সিনেমায় অভিনয় করেছেন।

মণি রত্নমের ‘পন্নিয়িন সেলভান’ সিরিজের সিনেমায় অভিনয়ের মাধ্যমে তামিল দর্শকদের কাছেও পরিচিত হয়ে ওঠেন ঐশ্বরিয়া। তাঁর সর্বশেষ সিনেমা ‘আশা’, যেখানে উর্বশী ও জোজু জর্জও অভিনয় করেছেন। সিনেমাটি ১১ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: