প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা স্থগিত

Sharmin Sultana Sharmin Sultana ১০ অক্টোবর ২০২৬, ১:২৩ PM BST ৩১ বার পঠিত
প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা স্থগিত

collected

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের পর যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সকাল ১১টায় পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও শুরুর ঠিক আগমুহূর্তে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরীক্ষা স্থগিতের প্রতিবাদে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ ও সাতমসজিদ সড়ক অবরোধ করেন পরীক্ষার্থীরা।

প্রথম আলোর ফটোসাংবাদিক জাহিদুল করিম জানান, পরীক্ষা স্থগিতের প্রতিবাদে পরীক্ষার্থীরা সড়কে অবস্থান নেন। বেলা সোয়া ১১টার দিকে সাতমসজিদ সড়কে এবং সাড়ে ১১টার দিকে মানিক মিয়া অ্যাভিনিউতে অবরোধের চিত্র দেখা যায়। এ সময় কয়েকজন পরীক্ষার্থী প্রবেশপত্র হাতে নিয়ে সড়কে বসে প্রতিবাদ জানান।

রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজ কেন্দ্রে পরীক্ষা দিতে আসা এক চাকরিপ্রার্থী প্রথম আলোকে বলেন, পরীক্ষা শুরুর মাত্র এক মিনিট আগে তা বাতিল করা হয়েছে। তাঁরা প্রশ্নপত্র ফাঁসের খবর শুনেছেন। আরেক পরীক্ষার্থী জানান, প্রশ্নপত্র দেওয়ার সময় শিক্ষকেরা তাঁদের বলেন, প্রশ্নপত্র ফাঁস হওয়ার কারণে পরীক্ষা বাতিল করা হয়েছে।

পরীক্ষা শুরুর কয়েক ঘণ্টা আগে সামাজিক যোগাযোগমাধ্যমে সম্ভাব্য প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ছড়িয়ে পড়ে। আগের রাতেও এ নিয়ে বিভিন্ন পোস্ট দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয় বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন-৫) মো. মাজহারুল হক শনিবার বেলা সোয়া একটার দিকে প্রথম আলোকে বলেন, পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত হয়েছে। আগামী দুই থেকে তিন দিনের মধ্যে নতুন পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে।

অধিদপ্তরের প্রশাসন উইংয়ের পরিচালক ডি এম আতিকুর রহমান জানান, ফেসবুকে একটি পোস্ট দেখার পর পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া প্রশ্নের সঙ্গে পরীক্ষার প্রশ্নের মিল পাওয়া গেছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘পুরোটা তো দেয়নি, যতটুকু দিয়েছে মিল পাওয়া গেছে।’

সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদটি ১১তম গ্রেডের। মোট ২৪২টি পদের বিপরীতে এ নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। রাজধানীর প্রায় ১০০টি কেন্দ্রে পরীক্ষার আয়োজন করা হয়েছিল। তবে পরীক্ষা স্থগিত হওয়ায় চাকরিপ্রার্থীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী দুই থেকে তিন দিনের মধ্যে পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হবে।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: