ছবি: সংগৃহীত
নিজের পছন্দের কথা বলতে গিয়ে একসময় গরিব ছেলেদের প্রতি নিজের আলাদা পছন্দ ছিল বলে জানিয়েছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। সম্প্রতি এক ডকাস্টে ব্যক্তিগত পছন্দ ও বেড়ে ওঠার সময়ের নানা অভিজ্ঞতা নিয়ে কথা বলেন তিনি।
প্রভা বলেন, একসময় অভাবের গল্প বলা মানুষদের প্রতি তাঁর আলাদা আকর্ষণ ছিল। তবে পরে বুঝেছেন, এসব কথার সবটাই সত্যি নয়। নিজের শৈশবের কথাও বলতে গিয়ে তিনি জানান, একটা সময় খুবই অগোছালোভাবে কথা বলতেন এবং স্পষ্ট করে নিজের কথা প্রকাশ করতে পারতেন না।
অভিনেত্রী আরও জানান, পরিবার ও আত্মীয়স্বজনের অতিরিক্ত আদরের কারণে তাঁর পরিণত হয়ে ওঠার প্রক্রিয়াটি কিছুটা দেরিতে এসেছে। এমনকি বন্ধুদের বাবা-মায়ের কাছ থেকেও তিনি অনেক আদর পেয়েছেন। অভিনয়ে আসার পর ধীরে ধীরে স্পষ্টভাবে কথা বলতে শেখার কথাও জানান প্রভা।
অভিনয়ে বর্তমানে অনিয়মিত হলেও নতুন সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী। সম্প্রতি দুটি সিনেমায় যুক্ত হয়েছেন তিনি। এর মধ্যে সাদেক সিদ্দিকীর ‘দেনা পাওনা’ সিনেমার বেশির ভাগ শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে। বাকি অংশের শুটিং এ সপ্তাহে হওয়ার কথা রয়েছে।
এ ছাড়া প্রভার হাতে রয়েছে ‘দুই পয়সার মানুষ’ নামের আরেকটি সিনেমা। দুটি সিনেমাই সরকারি অনুদানে নির্মিত হচ্ছে।