রাজশাহীতে পুলিশের সংকেত অমান্য করে পালানো, কিশোর গ্রেপ্তার

রাজশাহীর পবায় পুলিশের তল্লাশিচৌকিতে থামার সংকেত অমান্য করে পালানোর সময় এক পুলিশ সদস্যকে চাপা দেওয়ার চেষ্টার অভিযোগে ১৭ বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। সিসি ক্যামেরার ফুটেজ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়।

Sharmin Sultana Sharmin Sultana ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৮ PM BST রাজশাহী ২৮ বার পঠিত
রাজশাহীতে পুলিশের সংকেত অমান্য করে পালানো, কিশোর গ্রেপ্তার

collected

রাজশাহীতে পুলিশের তল্লাশিচৌকিতে থামার সংকেত অমান্য করে পালানোর সময় এক পুলিশ সদস্যকে চাপা দেওয়ার চেষ্টার অভিযোগে ১৭ বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার বিকেলে পবা উপজেলার কাটাখালী পৌর এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, শুক্রবার বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত রাজশাহী মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিশেষ তল্লাশিচৌকি পরিচালনা করা হয়। যানবাহন নিয়ন্ত্রণ, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার এবং অপরাধ প্রতিরোধের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়।

বিকেল পাঁচটার পর কাটাখালী পৌর এলাকায় পুলিশের একটি তল্লাশিচৌকিতে দুই মোটরসাইকেল আরোহীকে থামার সংকেত দেওয়া হয়। পুলিশের দাবি, তাঁরা সংকেত অমান্য করে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে পালিয়ে যান। এ সময় দায়িত্ব পালনরত এক পুলিশ সদস্যকে চাপা দেওয়ার চেষ্টা করা হয়।

ঘটনার পর কাটাখালী থানায় দণ্ডবিধি ও সড়ক পরিবহন আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়।

পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তা এবং সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে শনিবার বিকেলে ওই কিশোরকে শনাক্ত করা হয়। পরে বিকেল সাড়ে চারটার দিকে মতিহার থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র ও উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. গাজিউর রহমান বলেন, কাটাখালী তল্লাশিচৌকিতে দুই মোটরসাইকেল আরোহী পুলিশের সংকেত অমান্য করেন। তাঁদের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনায় জড়িত অপর ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। গ্রেপ্তার কিশোরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরেক তল্লাশিচৌকিতেও একই ঘটনা

এদিকে একই দিন বিকেলে মতিহার থানার আওতাধীন চৌদ্দপাই বিহাস এলাকায় আরেকটি তল্লাশিচৌকিতেও একই ধরনের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের ভাষ্য, সেখানে একটি মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি দায়িত্ব পালনরত মতিহার থানার উপপরিদর্শক (এসআই) কিবরিয়া আহমেদকে ধাক্কা দিয়ে ফেলে চলে যান। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এ ঘটনায় মতিহার থানায় মামলা হয়েছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: