সংগৃহীত ছবি
চাঁদাবাজির অভিযোগকে কেন্দ্র করে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। রাজধানীর ইসিবি চত্বরের নিউগ্রিনি প্রপার্টিজে গত শনিবার রাতে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন সালমান মুক্তাদির।
ঘটনার পর রাতেই নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে স্টুডিওতে ভাঙচুরের একটি ভিডিও প্রকাশ করেন তিনি। তবে হামলার ঘটনায় কারা জড়িত এবং এর পেছনে বিস্তারিত কী কারণ রয়েছে, সে বিষয়ে তাঁর পোস্টে বিস্তারিত তথ্য জানা যায়নি।
এদিকে ঘটনার প্রতিবাদ জানিয়েছেন অভিনেত্রী সাদিয়া আয়মান। আজ ভোররাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি সালমান মুক্তাদিরের স্টুডিওতে ঘটে যাওয়া ঘটনাকে দুঃখজনক বলে উল্লেখ করেন।
সাদিয়া তাঁর পোস্টে লেখেন, ‘সালমান মুক্তাদিরের স্টুডিওতে যা ঘটেছে, তা সত্যিই অত্যন্ত হৃদয়বিদারক এবং মেনে নেওয়ার মতো নয়! সালমানের মতো একজন মানুষ এমন আচরণের মোটেও প্রাপ্য নন।’
পোস্টে তিনি চাঁদাবাজির অভিযোগেরও নিন্দা জানান এবং এ ধরনের কর্মকাণ্ড নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।
সাদিয়ার ওই পোস্ট প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই এতে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। প্রতিবেদন লেখা পর্যন্ত পোস্টটিতে ১২ হাজারের বেশি প্রতিক্রিয়া এবং এক হাজারের বেশি মন্তব্য এসেছে। মন্তব্যের ঘরে অনেকে ঘটনার নিন্দা জানিয়েছেন। আবার কেউ কেউ সাদিয়ার পোস্ট ও সালমান মুক্তাদিরকে নিয়েও সমালোচনা করেছেন।
এসব সমালোচনার জবাবও দিয়েছেন সাদিয়া। এক মন্তব্যের জবাবে তিনি লেখেন, যারা ঘটনার সঙ্গে জড়িতদের পক্ষ নিয়ে মন্তব্য করছেন, তাদের বক্তব্যও সামাজিক যোগাযোগমাধ্যমে থেকে যাবে এবং ভবিষ্যতে সেগুলো নথিভুক্ত থাকবে।
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের অভিযোগ নিয়ে এখন পর্যন্ত সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বক্তব্য জানা যায়নি। অভিযোগের সত্যতা ও ঘটনার সঙ্গে কারা জড়িত, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া সম্ভব হবে।