অভিনেত্রী তানজিন তিশা। ছবি: সংগৃহীত
প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে করা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করেছেন অভিনেত্রী তানজিন তিশা। শুনানি শেষে তাঁর জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।
আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালতে আত্মসমর্পণ করে জামিন বর্ধিত করার আবেদন করেন তানজিন তিশা। শুনানি শেষে আদালত তাঁর আবেদন মঞ্জুর করেন।
তানজিন তিশার আইনজীবী নিহার হোসেন ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। ২৮ হাজার ৮০০ টাকা দামের একটি শাড়িকে কেন্দ্র করে এই মামলাটি করা হয়েছে।
আদালতের শুনানি শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তানজিন তিশা। এ সময় তিনি জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত নানা ধরনের পোস্ট ও স্টোরি দিতে হয়। ভক্ত ও সহকর্মীদের কাছ থেকে পাওয়া উপহারও ভালোবাসার জায়গা থেকেই গ্রহণ করেন তিনি। তেমনই একটি উপহারকে কেন্দ্র করে তাঁকে আইনি জটিলতায় পড়তে হয়েছে।
তিশার ভাষ্য অনুযায়ী, তাঁদের পরিচিত একজন বড় বোনের মাধ্যমে তিনি শাড়িটি উপহার হিসেবে গ্রহণ করেছিলেন। ওই নারীর সঙ্গে তাঁর ভালো সম্পর্ক ছিল। উপহার গ্রহণের সময় তাঁকে শাড়িটি নিয়ে ছবি দিতে বলা হয়েছিল। তিশা তখন জানান, সময় করে পরে ছবি দেবেন।
তখন ‘সোলজার’ সিনেমার শুটিংয়ের পূর্বপ্রস্তুতি নিয়ে ব্যস্ত ছিলেন তিশা। এ কারণে ছবি দিতে কিছুটা সময় লাগছিল বলে জানান তিনি। তিশার দাবি, তিনি বারবার ছবি দেওয়ার কথা জানিয়েছিলেন। এমনকি শাড়িটির সঙ্গে পরার জন্য ব্লাউজও তৈরি করে রেখেছিলেন।
এর মধ্যেই তাঁর নামে প্রতারণার অভিযোগে খবর প্রকাশিত হয়। তিশা বলেন, শাড়িটি নেওয়ার পর তিনি প্রতারণা করেছেন—এমন অভিযোগের কথা জানতে পেরে তিনি বিস্মিত হন।
তিশা আরও জানান, ঘটনাটি ‘সোলজার’ সিনেমার শুটিং শুরুর দুই দিন পরের। শুটিং চলাকালীনই পুরো বিষয়টি ঘটে। তবে এই অভিযোগের পেছনে কারা রয়েছেন বা কেন এমন পরিস্থিতি তৈরি হয়েছে, তা জানতে আগ্রহী নন বলেও জানান তিনি।
অভিনেত্রীর বক্তব্য, অভিযোগ করার আগে তাঁকে বিষয়টি জানানো যেত। তবে এখন তিনি পুরো বিষয়টি আইনের ওপর ছেড়ে দিতে চান। আইন তাঁর প্রতি ন্যায়বিচার করবে—এমন বিশ্বাসের কথাও জানিয়েছেন তিশা।
আদালত থেকে বের হওয়ার সময় তানজিন তিশা বলেন, প্রয়োজন হলে আরও কয়েকবার আদালতে আসতেও তিনি প্রস্তুত। তাঁর প্রত্যাশা, আইনি প্রক্রিয়ার মাধ্যমে তিনি ন্যায়বিচার পাবেন।
এ সময় তিনি আরও বলেন, কেউ যদি ক্ষমতার অপব্যবহার করে থাকেন, সেটিকে তিনি সমর্থন করবেন না। দেশের একজন নাগরিক হিসেবে তিনি ন্যায়বিচার চান বলেও জানান অভিনেত্রী।
শাড়িকে কেন্দ্র করে করা এই মামলায় তানজিন তিশার জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন মঞ্জুর হওয়ার পর আদালত প্রাঙ্গণ থেকে বেরিয়ে যান তিনি।