collected
সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে চিকিৎসাধীন আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে হাম উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪ জনে দাঁড়িয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর।
মারা যাওয়া চার শিশু হলো—এমরান, শাফায়েত, খাদিজা ও ওবায়দুল্লাহ। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম উপসর্গ নিয়ে ৪৯৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ল্যাবরেটরি পরীক্ষায় নতুন করে কোনো রোগী শনাক্ত না হলেও এ সময়ে ১৪৬ জন সন্দেহভাজন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত সিলেট বিভাগে ল্যাবরেটরি পরীক্ষায় মোট ১ হাজার ৪৪ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, হাম উপসর্গ নিয়ে মারা যাওয়া ১৬৪ শিশুর মধ্যে ১০ জনের শরীরে ল্যাবরেটরি পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছিল। অন্যদের ক্ষেত্রে হাম ছিল সন্দেহভাজন হিসেবে বিবেচিত।
হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর ঘটনায় সিলেট বিভাগে পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য বিভাগের নজরদারি অব্যাহত রয়েছে।