collected
তথ্যপ্রযুক্তিতে একাডেমিক ডিগ্রি না থাকলেও আইটি বিষয়ে দক্ষতা অর্জনের সুযোগ দিচ্ছে IsDB-BISEW IT Scholarship প্রোগ্রাম। বিজ্ঞান, বাণিজ্য বা মানবিক—যেকোনো বিভাগ থেকে স্নাতক ডিগ্রি অর্জনকারীরা এ প্রশিক্ষণে অংশ নিতে পারবেন। পাশাপাশি নির্দিষ্ট বিষয়ে চার বছর মেয়াদি ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং পাস প্রার্থীরাও আবেদনের সুযোগ পাবেন।
Islamic Development Bank-Bangladesh Islamic Solidarity Educational Wakf (IsDB-BISEW) বাংলাদেশ সরকার ও ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, জেদ্দা, সৌদি আরবের যৌথ উদ্যোগে ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটি তথ্যপ্রযুক্তি ও কারিগরি শিক্ষা খাতে কর্মমুখী শিক্ষা এবং বিভিন্ন প্রকল্পের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরিতে কাজ করছে।
IsDB-BISEW-এর আইটি স্কলারশিপে সুদক্ষ প্রশিক্ষকদের তত্ত্বাবধানে নির্দিষ্ট বিষয়ের ওপর নিবিড় প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণের বিভিন্ন মডিউলে নিয়মিত লিখিত ও ব্যবহারিক পরীক্ষা নেওয়া হয়। ধারাবাহিক মূল্যায়নে কোনো প্রশিক্ষার্থীর প্রস্তুতিতে ঘাটতি ধরা পড়লে অতিরিক্ত সময় পাঠদানের ব্যবস্থাও করা হয়।
আবেদনের যোগ্যতা
স্নাতক বা ফাজিল পাস এবং মাস্টার্স বা কামিলে অধ্যয়নরত শিক্ষার্থীরা স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। এ ছাড়া চার বছর মেয়াদি ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং পাস প্রার্থীরাও আবেদন করতে পারবেন। তবে ডিপ্লোমার ক্ষেত্রে শুধু কম্পিউটার, টেলিকমিউনিকেশন, ইলেকট্রনিকস, সিভিল, আর্কিটেকচার, সার্ভে ও কনস্ট্রাকশন বিষয়ে পাস করা প্রার্থীরা সুযোগ পাবেন।
চলমান রাউন্ডে আবেদনের শেষ তারিখের মধ্যে প্রার্থীর সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছর হতে হবে। আগের কোনো রাউন্ডে কোনো কোর্সে যোগদান করা প্রার্থী নতুন করে আবেদন করলে তাঁর আবেদন গ্রহণযোগ্য হবে না।
ডিপ্লোমাধারী প্রার্থীদের জন্য সব কোর্স শুধু ঢাকায় পরিচালিত হয়।
স্কলারশিপের সুবিধা
এ প্রোগ্রামের আওতায় ১৩টি কোর্সে স্কলারশিপ দেওয়া হয়। প্রশিক্ষণটি সম্পূর্ণ বিনা মূল্যে এবং প্রতিটি প্রশিক্ষণার্থীর জন্য কোর্সটির মূল্য প্রায় দুই লাখ টাকা সমমূল্যের।
প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করার পর প্লেসমেন্ট সেলের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করার সুযোগ রয়েছে। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, প্রতিবছর সহস্রাধিক প্রশিক্ষণার্থী আইটি প্রশিক্ষণ সম্পন্ন করে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মজীবন শুরু করছেন। তাঁদের অনেকে আইটি উদ্যোক্তা হিসেবে কাজ করছেন এবং বিভিন্ন অনলাইন মার্কেটপ্লেসে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমেও আয় করছেন।
IsDB-BISEW-এর তথ্য অনুযায়ী, প্রশিক্ষণ সম্পন্নকারীদের ৯২ শতাংশ তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন পেশায় কর্মরত রয়েছেন।