collected
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় তিন শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। একই ঘটনায় তাদের বাবা সরাফত আলী গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার (১৯ সেপ্টেম্বর) ভোরে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের রজনী লাইন গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতের কোনো একসময় ওই পরিবারের তিন শিশু অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের বাবা সরাফত আলীও অসুস্থ হয়ে পড়েন। বিষয়টি জানতে পেরে প্রতিবেশী ও আত্মীয়-স্বজন তাদের উদ্ধার করে বাদাঘাট বাজারের ডা. হাফিজ উদ্দিন কমপ্লেক্সে নিয়ে যান।
হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তিন শিশুকে মৃত ঘোষণা করেন। গুরুতর অসুস্থ সরাফত আলীকে উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।
উত্তর বড়দল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুক মিয়া বলেন, ভোরে পরিবারের সদস্যদের কাছ থেকে তিনি ঘটনাটি জানতে পারেন। পরিবারের সদস্যদের বরাত দিয়ে তিনি জানান, শিশুদের মা প্রবাসে থাকেন। সম্প্রতি তিনি কয়েক দিনের জন্য দেশে এসেছিলেন।
তাহিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাসাদ আহমেদ বলেন, সকাল ৮টার দিকে তিন শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। পরিবারের সদস্যরা তাদের বিষপানের কথা জানিয়েছেন। বিষয়টি পুলিশকে অবহিত করা হয়েছে।
বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ হোসাইন মোহাম্মদ আরাফাত বলেন, খবর পেয়ে পুলিশ ডা. হাফিজ উদ্দিন কমপ্লেক্সে গিয়ে তিন শিশুকে মৃত অবস্থায় দেখতে পায়। তাদের বাবাকে স্বজনরা সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেছেন।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ বলেন, তিন শিশুর মৃত্যুর সঠিক কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তাদের মরদেহ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, কী কারণে এ ঘটনা ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনাটির সঙ্গে সংশ্লিষ্ট সব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।