Photo Collected
তারকাদের ব্যক্তিগত জীবনের গল্প, ভক্তদের সঙ্গে তাদের সম্পর্ক এবং গাড়িতে ঘুরে বেড়ানোর অভিজ্ঞতা নিয়ে শুরু হয়েছে নতুন অনুষ্ঠান ‘লং ড্রাইভ’। ক্রিয়েটিভ এজেন্সি আইডিয়া স্পেসের প্রযোজনায় অনুষ্ঠানটি সঞ্চালনা করছেন মডেল ও অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা।
কন্টেন্ট স্পেসের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে সম্প্রচারিত হচ্ছে অনুষ্ঠানটি। পাশাপাশি ওটিটি পার্টনার ডোয়েল স্ট্রিমিং সার্ভিসেও দর্শকরা ‘লং ড্রাইভ’ দেখতে পারবেন।
ইতোমধ্যে অনুষ্ঠানটির প্রথম পর্বে অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। সম্প্রতি অনলাইন প্ল্যাটফর্মগুলোতে মুক্তি পেয়েছে সেই পর্ব।
‘লং ড্রাইভ’-এর ধারণার প্রবক্তা চলচ্চিত্র নির্মাতা সঞ্জয় সোমাদ্দার জানিয়েছেন, এটি প্রচলিত অর্থে শুধু একটি সেলিব্রিটি টক শো নয়। বরং গাড়িতে তারকাদের সঙ্গে সময় কাটানোর মধ্য দিয়ে তাঁদের জীবনযাপন, ব্যক্তিগত গল্প ও নানা অভিজ্ঞতা তুলে ধরাই অনুষ্ঠানটির অন্যতম উদ্দেশ্য।
অনুষ্ঠানটিতে বিনোদনের পাশাপাশি মানবিক উদ্যোগও যুক্ত করা হয়েছে। সঞ্জয় সোমাদ্দার বলেন, কিছু পর্বে তারকাদের ভক্তদের সঙ্গে কাটানো মুহূর্তের পাশাপাশি সমাজের সুবিধাবঞ্চিত শিশু ও অনগ্রসর মানুষের পাশে দাঁড়ানোর বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হবে।
অনুষ্ঠানটির প্রযোজক ইশতি আহমেদ বলেন, তারকাদের ব্যক্তিগত জীবনের অনেক অজানা গল্প এবং গাড়ি চালানোর আনন্দ দর্শকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছেন তাঁরা। একই সঙ্গে অনুষ্ঠানটির মাধ্যমে সমাজের প্রতি দায়িত্ববোধের একটি বার্তাও পৌঁছে দিতে চান।
আয়োজকদের মতে, তারকাদের পরিচিত গ্ল্যামার জগতের বাইরে তাঁদের ব্যক্তিগত গল্প ও মানবিক দিকগুলো দর্শকদের সামনে তুলে ধরাই ‘লং ড্রাইভ’-এর অন্যতম বৈশিষ্ট্য।