collected
চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে অনলাইন অর্ডার ও কমিশনের নামে এক ব্যক্তির কাছ থেকে ৯৪ লাখ ১৯ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে সংঘবদ্ধ চক্রের আরও দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জুলহাস উদ্দিন (৩৯) ও প্রহড় (২৮)। এ নিয়ে চক্রটির মোট ১২ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে সিআইডি।
সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ শুক্রবার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বৃহস্পতিবার মধ্যরাতে কিশোরগঞ্জ সদর থানা এলাকায় অভিযান চালিয়ে জুলহাস ও প্রহড়কে গ্রেপ্তার করা হয়।
সিআইডি সূত্রে জানা গেছে, গত বছরের ২৪ আগস্ট মেহেদি হক নিয়ন নামে এক ব্যক্তিকে টেলিগ্রাম অ্যাপের একটি আইডি থেকে ‘জ্যালস জুয়েলারি’ নামের একটি প্রতিষ্ঠানে চাকরির প্রস্তাব দেওয়া হয়। প্রতিষ্ঠানটির ওয়েবসাইট দেখে চাকরিতে আগ্রহী হন তিনি।
এরপর ওই ব্যক্তিকে একটি ফিশিং লিংকের মাধ্যমে একটি ভুয়া ওয়েবসাইটে যুক্ত করা হয় বলে জানিয়েছে সিআইডি। সেখানে অনলাইনে অর্ডার সম্পন্ন করার বিনিময়ে কমিশন দেওয়ার প্রস্তাব দেওয়া হয়।
প্রথম দিকে কমিশন পাওয়ার সুযোগ দেওয়ার মাধ্যমে ভুক্তভোগীর আস্থা অর্জন করা হয়। পরে অ্যাকাউন্টে মুনাফার অঙ্ক দেখিয়ে সেই অর্থ তুলতে বিভিন্ন অজুহাতে অতিরিক্ত টাকা নেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।
এভাবে চাকরির আশায় যোগাযোগ শুরু করা ওই ব্যক্তির কাছ থেকে ধাপে ধাপে ৯৪ লাখ ১৯ হাজার টাকা নেওয়া হয় বলে সিআইডি জানিয়েছে।
সিআইডির তথ্যমতে, এ ঘটনায় জড়িত সংঘবদ্ধ চক্রের আরও দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। চক্রটির অন্যান্য সদস্যদের বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।