ছবি: সংগৃহীত
ছোটবেলা থেকেই শিউলিকে ভালোবাসে রতন। সময়ের সঙ্গে দুজনই বড় হয়েছে, বদলে গেছে জীবনের পথও। শিউলি এখন শিউলি ফুল বিক্রি করে জীবিকা নির্বাহ করে। আর রতন শহরের পথে পথে শিশুদের খেলনা বিক্রি করে। অভাব-অনটনের জীবনেও শিউলির প্রতি গভীর ভালোবাসা নিয়ে সবসময় তার পাশে থাকে রতন।
তবে ছোটবেলার একটি অসুস্থতা শিউলির জীবনকে অন্যরকম করে দিয়েছে। সেই অসুস্থতায় তার একটি পা নষ্ট হয়ে যায়। এরপর এক পায়ে ভর করেই জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছে সে। শারীরিক প্রতিবন্ধকতার কারণে রতনের সঙ্গে নিজের সম্পর্ক নিয়েও একধরনের হীনম্মন্যতায় ভোগে শিউলি। তার মনে হয়, এই শারীরিক পার্থক্যের কারণে তারা কখনোই ‘সমান সমান’ হতে পারবে না।
এদিকে মেয়ের বিয়ের জন্য তৎপর হয়ে ওঠে শিউলির মা। সবকিছু জেনেশুনেই এক ব্যক্তি শিউলিকে বিয়ে করতে রাজি হয়। ঠিক হয়ে যায় বিয়ের দিন-তারিখও। পরিস্থিতি যখন ধীরে ধীরে রতনের হাতের বাইরে চলে যাচ্ছে, তখন শিউলিকে ফিরে পাওয়ার মরিয়া চেষ্টা শুরু করে সে।
একপর্যায়ে শিউলির মতো ‘সমান’ হওয়ার অদ্ভুত সিদ্ধান্ত নেয় রতন। এমনকি ভালোবাসার মানুষটির সঙ্গে নিজেকে সমান করে তুলতে নিজের একটি পা হারানোর কথাও ভাবতে শুরু করে সে। রতনের এই আত্মত্যাগের আকাঙ্ক্ষাই গল্পে তৈরি করে আবেগঘন টানাপোড়েন।
এমন গল্প নিয়েই নির্মিত হয়েছে নাটক ‘সমান সমান’। ভালোবাসা, আত্মত্যাগ ও মানবিক অনুভূতির জটিল সমীকরণের এই গল্পে রতন ও শিউলি চরিত্রে অভিনয় করেছেন শ্যামল মাওলা ও নিশা চৌধুরী। নাটকটি পরিচালনা করেছেন রওনক রিপন।
সাইফুল আলম শামীম ও রওনক রিপনের চিত্রনাট্যে নির্মিত নাটকটি প্রথমে বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভিতে প্রচারিত হয়। সম্প্রতি নাটকটি ইউটিউবেও উন্মুক্ত হয়েছে। ভিউ খুব বেশি না হলেও দর্শকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছে ‘সমান সমান’।
নাটকটি দেখে এক নেটিজেন মন্তব্য করেছেন, ‘ভালো লেগেছে নাটকটি। তবে ভিউস আরও বেশি হওয়া উচিত ছিল।’ আরেকজন লিখেছেন, ‘নিশা চৌধুরীর অভিনয়টা খুব সুন্দর হয়েছে।’ অন্য একজনের মন্তব্য, ‘খুব সুন্দর একটি কাজ।’
শ্যামল মাওলা ও নিশা চৌধুরী ছাড়াও নাটকটিতে অভিনয় করেছেন রেজওয়ান পারভেজ, আয়মন শিমলা, শিল্পী সরকার, সাইফুল আলম শামীম, শিশুশিল্পী কথা, কিষাণসহ আরও অনেকে।