ভেনিসে কঠিন অভিজ্ঞতার পর আবেগঘন পোস্টে যা বললেন বাধন।
ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসবে গিয়ে হামলা ও হেনস্তার শিকার হওয়ার পর নিজের কঠিন সময়ের অভিজ্ঞতা এবং পাশে থাকা মানুষ ও প্রতিষ্ঠানগুলোর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। বর্তমানে ভেনিসে অবস্থান করা এই অভিনেত্রী সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তাঁর অভিজ্ঞতার কথা তুলে ধরেন।
বাঁধন লেখেন, জীবন যখন কঠিন সময়ের মুখোমুখি করে, তখন অন্য প্রান্তে হয়তো সুন্দর কিছু অপেক্ষা করে। তাঁর ভাষায়, এটি ছিল দীর্ঘ এক যাত্রা, যেখানে ছিল কঠিন মুহূর্ত, অপমান, হয়রানি, শারীরিকভাবে আক্রান্ত হওয়ার অভিজ্ঞতা এবং নিজের মানুষদের কাছ থেকেই পরিত্যক্ত হওয়ার অনুভূতি।
তবে এত কিছুর মধ্যেও তিনি একটি গভীর সত্য উপলব্ধি করেছেন বলে জানান। বাঁধনের মতে, কখনো কখনো সবচেয়ে অপ্রত্যাশিত জায়গা থেকেই সবচেয়ে বড় সমর্থন আসে।
কঠিন সময়ে পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশ ও ইতালি সরকার, ইতালিতে বাংলাদেশ দূতাবাস, ইতালিয়ান পুলিশ এবং ভেনিস চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বাঁধন। যখন সবচেয়ে বেশি সহযোগিতা ও সমর্থনের প্রয়োজন ছিল, তখন এসব প্রতিষ্ঠান ও ব্যক্তিরা তাঁর পাশে দাঁড়িয়েছেন বলে উল্লেখ করেন তিনি।
বাঁধন আরও জানান, নিজের কিছু মানুষ যখন দূরে সরে গিয়েছিলেন, তখন এসব প্রতিষ্ঠান ও ব্যক্তিই তাঁর শক্তি ও নিরাপত্তার গুরুত্বপূর্ণ উৎস হয়ে উঠেছিলেন। একই সঙ্গে যারা তাঁর পাশে দাঁড়িয়েছেন, খোঁজ নিয়েছেন, দোয়া করেছেন কিংবা একটি ভালো কথা বলেছেন—তাদের প্রত্যেকের প্রতিও হৃদয়ের গভীর থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন অভিনেত্রী।
প্রসঙ্গত, রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার প্রদর্শনীতে অংশ নিতে ইতালিতে গেছেন বাঁধন। গত ৭ সেপ্টেম্বর রাতে ভাই ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে স্থানীয় একটি পার্কে গেলে সেখানে হামলা ও হেনস্তার শিকার হওয়ার কথা জানান অভিনেত্রী। ওই ঘটনার পর তাঁর কঠিন অভিজ্ঞতার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে উঠে আসে।
ভেনিসে সিনেমার প্রদর্শনীকে ঘিরে পেশাগত ব্যস্ততার পাশাপাশি অনাকাঙ্ক্ষিত ওই ঘটনার অভিজ্ঞতাও বাঁধনের সফরকে ভিন্ন মাত্রা দিয়েছে। তবে কঠিন পরিস্থিতির মধ্যেও যারা তাঁর পাশে দাঁড়িয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতাই নিজের সাম্প্রতিক পোস্টে বিশেষভাবে তুলে ধরেছেন তিনি।