১৭ বছরেই এমএলএসের মাসসেরা, ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত কাভান

Pinky Saha Pinky Saha ১ অক্টোবর ২০২৬, ৪:২৬ PM BST ৩৬ বার পঠিত
১৭ বছরেই এমএলএসের মাসসেরা, ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত কাভান

ছবি: সংগৃহীত

মাত্র ১৭ বছর বয়সেই মেজর লিগ সকারের (এমএলএস) মাসসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে ইতিহাস গড়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের তরুণ ফুটবলার কাভান সুলিভান। সেপ্টেম্বরের সেরা খেলোয়াড় হিসেবে বুধবার ফিলাডেলফিয়া ইউনিয়নের এই মিডফিল্ডারের নাম ঘোষণা করা হয়। পুরস্কার জয়ের সময় তাঁর বয়স ছিল ১৭ বছর ২ দিন।

এই অর্জনের মাধ্যমে এমএলএসের ইতিহাসে সবচেয়ে কম বয়সে মাসসেরা খেলোয়াড় হওয়ার রেকর্ড গড়েছেন কাভান। এর আগে ২০২০ সালের আগস্টে ২০ বছর ৯৮ দিন বয়সে অরলান্ডো সিটির ড্যারিল ডাইক এই পুরস্কার জিতেছিলেন।

সেপ্টেম্বরে ফিলাডেলফিয়া ইউনিয়নের পাঁচ ম্যাচের পাঁচটিতেই জয় এসেছে। দলের এই দুর্দান্ত সাফল্যে বড় ভূমিকা ছিল কাভানের। মাসটিতে চার গোল ও পাঁচ অ্যাসিস্ট করে মোট নয়টি গোল-অবদান রেখেছেন তিনি, যা ওই সময়ে এমএলএসের সব খেলোয়াড়ের মধ্যে সর্বোচ্চ। পাঁচ অ্যাসিস্ট নিয়ে যৌথভাবে শীর্ষে ছিলেন এবং চার গোল নিয়ে যৌথভাবে তৃতীয় অবস্থানে ছিলেন এই তরুণ।

সেপ্টেম্বরে কাভানের পারফরম্যান্সও ছিল নজরকাড়া। সিএফ মন্ট্রিয়ালের বিপক্ষে এক গোল, এফসি সিনসিনাটির বিপক্ষে তিন অ্যাসিস্ট, সান ডিয়েগো এফসির বিপক্ষে দুই গোল ও এক অ্যাসিস্ট এবং স্পোর্টিং কানসাস সিটির বিপক্ষে এক গোল ও এক অ্যাসিস্ট করেন তিনি।

চলতি মৌসুমেও ধারাবাহিক পারফরম্যান্স করে চলেছেন কাভান। টানা আট ম্যাচে অন্তত একটি করে গোল বা অ্যাসিস্ট করেছেন তিনি, যা এমএলএসের ইতিহাসে কোনো কিশোর খেলোয়াড়ের সবচেয়ে দীর্ঘ গোল-অবদান ধারা। ২০২৬ মৌসুমে ১ হাজার ৪৫০ মিনিটে তাঁর গোল ৭টি এবং অ্যাসিস্ট ১২টি—মোট ১৯ গোল-অবদান। কিশোর খেলোয়াড়দের এক মৌসুমে এই সংখ্যা আলফনসো ডেভিসের ২০১৮ সালের ১৯টির সঙ্গে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ; শীর্ষে রয়েছেন ডিয়েগো ফাগুন্দেস, ২০১৩ সালে যার গোল-অবদান ছিল ২০টি।

এমএলএসে কাভানের পথচলাও ছিল রেকর্ডময়। ২০২৪ সালের ১৭ জুলাই নিউ ইংল্যান্ড রেভল্যুশনের বিপক্ষে অভিষেকের সময় তাঁর বয়স ছিল ১৪ বছর ২৯৩ দিন। পরে এমএলএস নেক্সট থেকে এমএলএস নেক্সট প্রো হয়ে মূল দলে উঠে এসে মাসসেরা খেলোয়াড়ের পুরস্কার জেতা প্রথম খেলোয়াড়ও হয়েছেন তিনি।

ক্লাবের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে সেপ্টেম্বরেই যুক্তরাষ্ট্রের জাতীয় দলে প্রথম ডাক পান কাভান। ২৬ সেপ্টেম্বর পেরুর বিপক্ষে ম্যাচে যুক্তরাষ্ট্রের হয়ে অভিষেকের পাশাপাশি তিনি জাতীয় দলের শুরুর একাদশেও জায়গা পান এবং দেশটির ইতিহাসে দ্বিতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে কোনো ম্যাচে শুরু করেন।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: