ছবি: সংগৃহীত
ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী জেনিফার উইঙ্গেটের বিয়ের খবর প্রকাশ্যে আসতেই চমকে গেছেন ভক্তরা। সিঙ্গাপুরভিত্তিক ব্যবসায়ী উইলিয়াম ইসমাইলকে গত জুলাইয়ে যুক্তরাজ্যের ওয়েলসে গোপনে বিয়ে করেন ৪০ বছর বয়সী এই অভিনেত্রী। খ্রিস্টান রীতিতে ঘরোয়া পরিবেশে সম্পন্ন হয় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা।
জেনিফারের সঙ্গে উইলিয়ামের পরিচয় অবশ্য নতুন নয়। ২০১২ সালে এক বন্ধুর পার্টিতে প্রথম পরিচয় হয় তাদের। এরপর দীর্ঘ সময় পর ২০২৩ সালে সম্পর্কে জড়ান দুজন। থাইল্যান্ডের কো সামুই দ্বীপে ছুটি কাটানোর সময় জেনিফারকে বিয়ের প্রস্তাব দেন উইলিয়াম। দীর্ঘদিনের সেই সম্পর্কই শেষ পর্যন্ত বিয়েতে গড়ায়।
বিয়ের খবর এতদিন প্রকাশ্যে না আসা নিয়ে নানা আলোচনা হলেও বিষয়টি নিয়ে মুখ খুলেছেন জেনিফার। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের বিয়েকে ‘গোপন’ বলা নিয়েই প্রশ্ন তোলেন তিনি। হাসতে হাসতে অভিনেত্রী বলেন, ‘এটা কি সত্যিই গোপন কিছু ছিল? সবকিছুই তো সবার সামনেই ঘটেছে।’
ব্যক্তিগত জীবন আড়ালে রাখার চেষ্টা করলেও তারকা হওয়ার কারণে সেটি সবসময় সম্ভব হয় না বলেও জানান জেনিফার। তাঁর ভাষায়, সবাই সবকিছু জানতে চায়। তবে এখানে লুকানোর মতো কিছু নেই—ভালো থাকা ও ভালো কাজ করে যাওয়ার ওপরই গুরুত্ব দিয়েছেন তিনি।
প্রেমের অর্থ নিয়েও নিজের ভাবনার কথা জানিয়েছেন অভিনেত্রী। তাঁর মতে, ভালোবাসা শুধু রোমান্টিক সম্পর্ক বা কোনো কাপলের মধ্যেই সীমাবদ্ধ নয়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পরিবার, বন্ধু ও পোষা প্রাণীর কাছ থেকেও পাওয়া শর্তহীন ভালোবাসার গুরুত্ব বোঝা যায়।
জেনিফার আরও বলেন, জীবনে একবার মন ভেঙে গেলেই পৃথিবী শেষ হয়ে যায় না। বন্ধুত্বে ঝগড়া হয়, সম্পর্ক ভেঙে যায়, আবার জীবন নানা ওঠানামার মধ্য দিয়ে এগিয়ে চলে—আর সেটিই জীবনের স্বাভাবিক অংশ।
সাবেক স্বামী করণ সিং গ্রোভারের সঙ্গে বিচ্ছেদের পর ভালোবাসা ও সম্পর্কের ওপর তাঁর বিশ্বাস হারিয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে জেনিফার জানিয়েছেন, তিনি সবসময়ই ভালোবাসায় বিশ্বাসী।