অভিনেত্রী প্রিয়ন্তী ঊর্বী জীবনের প্রথম ইউরোপযাত্রায় প্রায় ৪৫ দিনে ঘুরেছেন পাঁচটির বেশি দেশ।
আইফেল টাওয়ারের সামনে হাস্যোজ্জ্বল ছবি পোস্ট করে ‘প্রিয়ন্তী ইন প্যারিস’ লিখেছিলেন অভিনেত্রী প্রিয়ন্তী ঊর্বী। তবে প্যারিসেই থেমে থাকেনি তার প্রথম ইউরোপ সফর। প্রায় ৪৫ দিনের ভ্রমণে পাঁচ-ছয়টি দেশ ঘুরে দেখেছেন তিনি। নেদারল্যান্ডস, বেলজিয়াম, ফ্রান্স, জার্মানি ও সুইজারল্যান্ডের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে সময় কাটিয়েছেন পরিবার ও স্বামীর সঙ্গে।
নেদারল্যান্ডস দিয়ে শুরু হয় প্রিয়ন্তীর ইউরোপযাত্রা। আমস্টারডাম, জ্যানসে স্কানস, রটারডাম, দ্য হেগ, গিথুর্ন ও হোক ভ্যান হল্যান্ডসহ বেশ কয়েকটি জায়গা ঘুরেছেন তিনি। সমুদ্রপ্রেমী প্রিয়ন্তীর বিশেষ ভালো লেগেছে হোক ভ্যান হল্যান্ডের সমুদ্র ও আকাশের মেলবন্ধন।
এরপর বেলজিয়ামে গিয়ে ব্রাসেলস ও গেন্টের স্থাপত্য ও পরিবেশে মুগ্ধ হন অভিনেত্রী। ঘুরে দেখেছেন বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা, পাশাপাশি চেখে দেখেছেন বেলজিয়ান চকলেট ও ওয়াফল। প্রিয়ন্তীর মতে, স্থানীয় খাবারের মধ্য দিয়েও একটি দেশের সংস্কৃতিকে কাছ থেকে জানা যায়।
ফ্রান্সে প্যারিস ও ডিজনিল্যান্ড প্যারিস ঘুরেছেন তিনি। আইফেল টাওয়ারের সামনে ছবি তোলার অভিজ্ঞতাকে বিশেষ বলে উল্লেখ করেছেন প্রিয়ন্তী। ভাষাগত কিছুটা সমস্যা হলেও প্যারিসের শিল্প, স্থাপত্য ও পরিবেশ তাকে মুগ্ধ করেছে। ডিজনিল্যান্ডে কাটানো সময়টিকেও আনন্দময় ও জাদুকরি অভিজ্ঞতা হিসেবে মনে করছেন তিনি।
জার্মানিতে বার্লিন, ব্ল্যাক ফরেস্ট ও লান্ডাউসহ বিভিন্ন জায়গায় ঘুরেছেন প্রিয়ন্তী। স্বামীর সঙ্গে বার্লিনের রাস্তায় দীর্ঘ সময় হাঁটা এবং গল্প করার মুহূর্তগুলো তার কাছে সফরের অন্যতম সুন্দর স্মৃতি হয়ে আছে।
তবে প্রকৃতির সৌন্দর্যে সবচেয়ে বেশি মুগ্ধ হয়েছেন সুইজারল্যান্ডে গিয়ে। ইন্টারলাকেন ও গ্রিন্ডেলওয়ার্ল্ড ঘুরে পাহাড়, সবুজ ও প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়েছেন তিনি। ইন্টারলাকেনকে তার কাছে মনে হয়েছে ‘পৃথিবীর এক টুকরো স্বর্গ’।
২০১৬ সালে ভারতের মধ্য দিয়ে প্রথম বিদেশভ্রমণ শুরু হয়েছিল প্রিয়ন্তীর। তখন তিনি দশম শ্রেণির ছাত্রী এবং সেটিই ছিল তার প্রথম বিমানযাত্রা। এবার ইউরোপ সফরে নতুন জায়গা দেখার পাশাপাশি স্থানীয় খাবার, কেনাকাটা, প্রকৃতি ও পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ পেয়েছেন তিনি। তবে তার কাছে সফরের সবচেয়ে আনন্দের অংশ ছিল প্রিয় মানুষটির সঙ্গে সময় কাটানো।
বিদেশে থাকলেও নিজের কাজের খবর রাখছেন এই অভিনেত্রী। গত ৩ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে তার অভিনীত নাটক ‘দাদি ভয়ংকর’। নাটকটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনা হচ্ছে।
সামনে প্রিয়ন্তীকে দেখা যাবে ‘বকুলের বুকে রক্তকরবী’ সিনেমায়। শাহরিয়ার পলকের প্রথম চলচ্চিত্রটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মীর রাব্বী ও প্রিয়ন্তী। সিনেমাটিতে ‘বকুল’ চরিত্রে দেখা যাবে তাকে।